কোটি টাকার তামাক ও নকল ব্র্যান্ডরোল জব্দ

ঝিনাইদহের কালীগঞ্জের দেবরাজপুর গ্রাম থেকে প্রায় দুই কোটি টাকা মূল্যের তামাক, নকল বিড়ি ও বিপুল পরিমাণ ব্র্যান্ডরোল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় দুইজনকে ছয় মাসের কারদণ্ড ও দুই শ্রমিককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার সকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট  এ কে এম নুর হোসেন নির্ঝর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, দেবরাজপুর গ্রামের বিভিন্ন বাড়িতে কিছু অসাধু ব্যক্তি দীর্ঘদিন ধরে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে নিম্নমানের তামাক ও নকল ব্র্যান্ডরোল ছাপিয়ে বিড়ি তৈরি করে আসছিল। অভিযানে দেবরাজপুরসহ কয়েকটি গ্রামের বিভিন্ন বাড়ি থেকে প্রায় দুই কোটি টাকার তামাকজাত পণ্য ও ব্র্যান্ডরোল জব্দ করা হয়। 

আরও পড়ুন: সাতক্ষীরায় ৪৩ ডেঙ্গু রোগী শনাক্ত, বাড়ি ফিরেছেন ২৫

মালামাল সরবরাহ ও বিড়ির তৈরির কাজে জড়িত দুই মহাজন সুফিয়া বেগম ও আসলামকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান এবং বিড়ি তৈরি করা শ্রমিক স্বপ্না ও রেনুকাকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। উদ্ধার করা মালামাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

প্রসঙ্গত, বেশ কয়েক বছর ধরে অসাধু উৎপাদনকারীরা দেশের বিভিন্ন স্থানে ব্যান্ডরোল নকল করে অবৈধভাবে সিগারেট উৎপাদন করে আসছে।  এতে করে একদিকে সরকার হাজার হাজার কোটি টাকা রাজস্ব হারাচ্ছে অন্যদিকে প্রধানমন্ত্রীর ধূমপানমুক্ত বাংলাদেশের স্বপ্নও ব্যহত হচ্ছে।

ইত্তেফাক/অনি