ভারত ও ইইউ-র মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিপি) মঙ্গলবার (১৭ জানুয়ারি) হতে চলেছে। দুই পক্ষের কাছেই এই চুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারত এবং ইইউ মিলে বিশ্ববাণিজ্যের প্রায় এক পঞ্চমাংশ বাণিজ্য করে।
ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের মোট জনসংখ্যার ২৫ শতাংশ মানুষ ভারত ও ইইউ-তে বাস করেন। দুই ক্রমবর্ধমান অর্থনৈতিক ও সামরিক শক্তি যখন এইভাবে হাত মেলায় তখন তা রীতিমতো গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।
ভারতের সরকারি তথ্য জানিয়েছে, ২০২৪ সালে ভারত-ইইউ-র বাণিজ্যের পরিমাণ ছিল ১২ হাজার কোটি ইউরো। তারমধ্যে ইইউ ভারত থেকে সাত হাজার ১৪০ কোটি ইউরোর পণ্য আমদানি করেছে এবং ভারতে রপ্তানি করেছে চার হাজার ৮৮০ কোটি ইউরোর পণ্য।
গত এক দশকে ভারত থেকে ইইউর পণ্য আমদানি ১৪০ শতাংশ বেড়েছে এবং ভারতে রপ্তানি বেড়েছে ৫৮ শতাংশ। পরিষেবার ক্ষেত্রে গত এক দশকে দুই পক্ষের মধ্যে বাণিজ্য বেড়েছে ২৪৩ শতাংশ। ইইউ হলো ভারতের অন্যতম বৃহৎ বাণিজ্যিক সহযোগী।
২০২৪ সালে ভারতে ইইউ-র বিনিয়োগ ছিল ১৩ হাজার ২০০ কোটি ইউরো। ভারতে বিদেশি বিনিয়োগকারীর মধ্যে ইইউ ছিল এক নম্বরে।
মুক্ত বাণিজ্য চুক্তি হলে দুই দেশের মধ্যে বাণিজ্যের ক্ষেত্রে যে বাধা ছিল, তা দূর হবে এবং পরিষেবা ক্ষেত্রে সহযোগিতা আরো বাড়বে। নিরাপত্তা ও প্রতিরক্ষাক্ষেত্রে সহযোগিতা অনেকখানি বেড়ে যাবে। ইউরোপের প্রতিরক্ষা প্রয়াসের মধ্যে ভারত ঢুকতে পারবে।
ভারত ও ইইউ-র মধ্যে মঙ্গলবার যে আলোচনা হবে, তাতে বাণিজ্য, প্রতিরক্ষা, জলবায়ু পরিবর্তন, প্রযুক্তি ক্ষেত্রে দুই পক্ষের মধ্যে সহযোগিতার নতুন দিগন্ত খুলে যাবে বলে মনে করা হচ্ছে। সেজন্যই এফটিপি-কে 'মাদার অফ অল ডিলস' বলা হচ্ছে।