নিজের সবচেয়ে বাজে মৌসুমের পরও ম্যাক্সওয়েলকে নিয়ে কাড়াকাড়ি

বিগ ব্যাশ লিগে ১৪ মৌসুমের ক্যারিয়ারে সবচেয়ে বাজে সময় পার করলেও মেলবোর্ন স্টার্সেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল। আসর শেষ হওয়ার পর দলটির সঙ্গে দুই বছরের নতুন চুক্তি করেছেন অভিজ্ঞ এই অলরাউন্ডার।

এই সিদ্ধান্তের ফলে বয়স ৩৯ পেরিয়েও বিগ ব্যাশে খেলতে দেখা যাবে ম্যাক্সওয়েলকে। যদিও তাকে দলে ভেড়াতে আগ্রহ দেখিয়েছিল সিডনি সিক্সার্স, পাশাপাশি বর্তমান দল স্টার্সও তাকে ধরে রাখতে ছিল দৃঢ়প্রতিজ্ঞ।

চলতি মৌসুমে ম্যাক্সওয়েলের পারফরম্যান্স ছিল হতাশাজনক। আট ইনিংসে তিনি করেন মাত্র ৭৬ রান, যার মধ্যে এক ইনিংসেই আসে ৩৯ রান। বিগ ব্যাশে এটি তার ক্যারিয়ারের সর্বনিম্ন রানসংখ্যা। এর আগে ২০১৬–১৭ মৌসুমে চার ম্যাচে করেছিলেন ১১৭ রান, যা এতদিন ছিল তার সবচেয়ে বাজে আসর।

তবে একটি মৌসুম দিয়েই ম্যাক্সওয়েলের পুরো ক্যারিয়ার বিচার করতে নারাজ স্টার্স। বিগ ব্যাশের ইতিহাসে তিনি তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। এখন পর্যন্ত টুর্নামেন্টে ১৫৪.৩৫ স্ট্রাইক রেটে করেছেন ৩ হাজার ৩১৭ রান। দেড়শ রানের ইনিংস খেলা একমাত্র ক্রিকেটারও তিনি। ছক্কার তালিকায় তার নাম দ্বিতীয় স্থানে—১৫৩টি। বল হাতে নিয়েছেন ৪৭ উইকেট, পাশাপাশি টুর্নামেন্টের ইতিহাসের অন্যতম সেরা কয়েকটি ক্যাচও তার দখলে।

ম্যাচ জেতানোর সামর্থ্যের পাশাপাশি তারকামূল্য ও দর্শক আকর্ষণও ম্যাক্সওয়েলের বড় শক্তি। সে কারণেই খারাপ মৌসুমের পরও তাকে দলে নিতে আগ্রহ দেখিয়েছে একাধিক ফ্র্যাঞ্চাইজি।

২০১১–১২ মৌসুমে মেলবোর্ন রেনিগেডসে খেলার পর টানা ১৩ মৌসুম মেলবোর্ন স্টার্সেই খেলছেন ম্যাক্সওয়েল। সময়ের সঙ্গে তিনি দলটির প্রতীক হয়ে উঠেছেন। তবে এখনো বিগ ব্যাশের শিরোপা জেতা হয়নি তার। স্টার্সও এখন পর্যন্ত টুর্নামেন্টের একমাত্র দল, যারা শিরোপার স্বাদ পায়নি।

এই অধরা সাফল্য পাওয়ার আশাতেই ম্যাক্সওয়েলের ওপর আস্থা রাখছে স্টার্স। ৩৭ বছর বয়সী এই ক্রিকেটার নিজেও সেই লক্ষ্যেই মাঠে থাকতে চান।

নতুন চুক্তি নিয়ে ম্যাক্সওয়েল বলেন, ‘আমার ক্রিকেট ক্যারিয়ারের বড় একটি অংশ মেলবোর্ন স্টার্সকে ঘিরে। হৃদয়ের গভীর থেকেই দলটিকে সাফল্য এনে দিতে চাই। আমার বিশ্বাস, বর্তমান দলটি বিশেষ কিছু হয়ে ওঠার পথে আছে এবং আগামী দুই মৌসুমে আমরা শিরোপার লড়াইয়ে থাকতে পারব।’