রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে রমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ৯২ জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে ৭৬ জন পুরুষ, ১১ জন নারী ও পাঁচ জন শিশু।
হাসপাতাল সূত্র জানায়, গত ১৯ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত ১শ’ ১২ জন ডেঙ্গু জ্বরের রোগী ভর্তি হলেও ২০ জন চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন।
রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক দলের মুখপাত্র মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সাহিদুজ্জামান সাংবাদিকদের বলেন, ডেঙ্গু জ্বরে আক্রান্তদের হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। একটি নির্দিষ্ট ওয়ার্ডে সব ডেঙ্গু জ্বরের রোগীদেরকে রেখে চিকিৎসার ব্যবস্থা করা গেলে ভালো হত। সেই সঙ্গে যেকোনো ধরনের জ্বর অনুভব হলে তাৎক্ষণিক নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্সে অথবা চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেন তিনি।
ইত্তেফাক/জেডএইচ