ডেঙ্গু প্রতিরোধের নামে ধ্বংস করা হলো অণিমার ছাদবাগান!

ডেঙ্গু প্রতিরোধের নামে কণ্ঠশিল্পী অণিমা রায়ের ছাদবাগান ধ্বংস করলো অ্যাপার্টমেন্টের কমিটির ক’জন। গত ২ আগস্ট বিকালে রবীন্দ্রসঙ্গীত শিল্পী অণিমা রায়ের অ্যাপার্টমেন্টের ছাদের প্রায় শতাধিক গাছ তার অনুমতি ছাড়াই ধ্বংস করে ফেলা হয়। অথচ কিছুদিন আগেই বেশ কয়েকটি টিভি চ্যানেলেও এই ছাদবাগানের প্রতিবেদন প্রকাশ করা হয়।

অণিমা রায় বলেন, ‘অবাক আর বিস্মিত হওয়া ছাড়া কিছু দেখছি না। আমরা যেমন গুজবের তোপে পদ্মা সেতুতে মাথা কাটার কথা বিশ্বাস করে ফেলি। সন্তানকে ভর্তির জন্য দেখতে এসেও খুন হয় মা। এটাকেও একইরকম ভাবেই আমি দেখবো। সবুজকে যারা সরিয়ে ফেলতে চায়। মেরে ফেলতে চায় তাদের মনুষ্যত্বের মূল্য কোথায়?’

এই কণ্ঠশিল্পী আরো বলেন, ‘অবিশ্বাস্য হলেও সত্যি যে, অ্যাপার্টমেন্টের কতিপয় ব্যক্তি আমার অনুমতি না নিয়েই গাছগুলো ধ্বংস করেছে। যেখানে বিল্ডিংয়ের রেলিংয়ে জমে থাকা পানির পরিচর্যার দিকে তাদের নজর নেই। এডিস মশার বিস্তার নিয়ে প্রকৃত সচেতনতা নেই। সেখানে বলি হলো ছাদবাগান।’

আরো পড়ুন: জুয়ায় স্ত্রীকে বাজি, হেরে যাওয়ায় গণধর্ষণ

তিনি বলেন, ‘আমি গত দুই বছর ধরে একটু একটু করে সাজিয়েছিলাম এই ছাদ বাগান। আমাদের প্রধানমন্ত্রী তার বক্তব্যে ছাদবাগানের উৎসাহ দিয়েছেন। আমি পরিবেশবিদদের সঙ্গেও কথা বলেছি। চিকিৎসকদের পরামর্শ নিয়ে সঠিক পরিচর্যা করেছি। অথচ সেই সবুজকেই যারা ঘৃণা করে তাদের নিয়ে আর কী বলার আছে! এই বাগান নিয়ে আরটিভি, চ্যানেল আইসহ একাধিক চ্যানেলে প্রতিবেদন প্রচার হয়েছে।’

প্রশ্ন রেখে অণিমা রায় বলেন, ‘আমাদের চিত্রনায়িকা ববিতা থেকে শুরু করে ঢাকায় যারা এই ফল-ফুলের বাগান গড়ে তুলছেন, তাদের গাছও কি এরা ধ্বংস করে ফেলবে? আমরা যদি প্রকৃতিকেই ভালোবাসতে না পারি। প্রকৃতিকেই ঠিকমতো পরিচর্যা না করতে পারি তাহলে কি করে নিজেদের সচেতন বলে দাবি করতে পারবো। তাহলে আসুন আমরা আমাদের সকল গাছগুলোকে উপড়ে ফেলে দিই।’

ইত্তেফাক/জেডএইচ