জামালপুরে গণঅধিকার পরিষদের প্রার্থীকে অপহরণের অভিযোগ

জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী লিটন মিয়াকে অপহরণের পর মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জামালপুর জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক জাকির হোসেন এক ফেসবুক পোস্টে অভিযোগের প্রায় এক ঘণ্টা পর লিটনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত ১১টার দিকে রাত ১১টার দিকে মেলান্দহ উপজেলার মহিরামকুল এলাকা থেকে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করেন। তাকে উদ্ধারের খবর পেয়ে মেলান্দহ থানার ওসি ওবায়দুর রহমান ঘটনাস্থলে গিয়ে তার সঙ্গে কথা বলেন।

এর আগে জামালপুর জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক জাকির হোসেন ফেসবুক পোস্টে লেখেন, ‘দুপুর থেকে লিটন মিয়ার খোঁজ মিলছে না; মোবাইল বন্ধ।’

লিটন মিয়া মেলান্দহ উপজেলার ছবিলাপুর গ্রামের কোরবান আকন্দের ছেলে এবং জেলা যুব অধিকার পরিষদের সভাপতি।

এদিকে উদ্ধারের পর লিটন মিয়া সাংবাদিকদের জানান, মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে ঢাকা থেকে জামালপুর ফিরে শহরের নয়াপাড়া পাঁচরাস্তা মোড়ে একটি হোটেলে খাবার খেয়ে হেঁটে বিজয় চত্বরে গিয়ে দাঁড়ান। এরপর তিনি চত্বর থেকে একটু সামনে মেলান্দহ রোডে এগিয়ে হাঁটাহাঁটি করতে থাকেন। এমন সময় হঠাৎ একটি মাইক্রোবাসে ৬/৭ জন যুবক এসে তাকে জোরপূর্বক তুলে চোখ-মুখ হাত বেঁধে মারধর এবং তাকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর হুমকি দিয়েছে। একপর্যায়ে আহত লিটন মিয়াকে মেলান্দহ উপজেলার মহিরামকুল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফেলে যায়।

তিনি আরও জানান, মঙ্গলবার দুপুর ১২টার দিকে তার ব্যবহৃত মোবাইল নিজে ইচ্ছে করে বন্ধ করেন। সোমবার অপরিচিত কিছু ব্যক্তি তাকে হুমকি দিয়েছিল বলেও দাবি করেন তিনি।

এ বিষয়ে কেন আইনশৃঙ্খলা বাহিনীকে কেন জানাননি, জানতে চাইলে তিনি কোনো সন্তোষজনক উত্তর দিতে পারেননি।

মেলান্দহ থানার ওসি মো. ওবায়দুল রহমান বলেন, ট্রাক মার্কার সংসদ সদস্য প্রার্থী লিটন মিয়াকে উদ্ধার করে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। কিছু প্রশ্নের উত্তর এখনও মিলছে না। পুরো ঘটনাটি তদন্ত করে আইনি পদক্ষেপ নেওয়া হবে।