ভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়-ভাষাই আমাদের অধিকার ও পরিচয়। ভাষার মাস ফেব্রুয়ারি উপলক্ষে এই চেতনাকে সামনে রেখে এটিএন বাংলার জনপ্রিয় অনুষ্ঠান ‘সময়ের সাথে’-এ প্রচারিত হবে বিশেষ আয়োজন ‘মাতৃভাষা’। অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে আগামী ৭ ফেব্রুয়ারি, শনিবার সকাল ১১টায়।
বিশেষ এই আয়োজনে ভাষা আন্দোলনের চেতনা, মাতৃভাষার গুরুত্ব ও ভাষাগত অধিকার নিয়ে থাকছে বহুমাত্রিক পরিবেশনা ও তথ্যভিত্তিক উপস্থাপন। অনুষ্ঠানে তুলে ধরা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষা পদযাত্রা, ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষাবিজ্ঞান বিভাগ এবং আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট বিষয়ক বিশেষ রিপোর্ট।
এছাড়াও অনুষ্ঠানে থাকবে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড, জাতীয় কবিতা উৎসব, একুশের কবিতা আবৃত্তি, গান ও বিশেষ নৃত্য পরিবেশনা। সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি ভাষার মাসের গুরুত্ব তুলে ধরতে থাকছে আলোচনাপর্ব। আলোচনায় অংশগ্রহণকারীরা ‘‘ভাষার অধিকার ও মাতৃভাষার অস্তিত্ব: চেতনা, চর্চা ও চ্যালেঞ্জ’’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্তমান সময়ে মাতৃভাষা সংরক্ষণ, চর্চা ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ নিয়ে মতামত তুলে ধরবেন।
ভাষার মাস ফেব্রুয়ারিতে এই বিশেষ আয়োজন দর্শকদের ভাষা আন্দোলনের ইতিহাস স্মরণ করানোর পাশাপাশি মাতৃভাষার মর্যাদা ও অধিকার রক্ষায় সচেতনতা বাড়াবে বলে আশা সংশ্লিষ্টদের।