চট্টগ্রামে গর্তে পড়ে শিশু নিখোঁজ 

তিন বছর আগে সরকারি প্রকল্পে গর্তটি করা হয়: অভিযোগ পরিবারের

চট্টগ্রামের রাউজানে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে নিখোঁজ হয়েছে মেজবাহ নামের ৩ বছরের একটি শিশু। মেজবাহর পরিবার ও স্থানীয়দের অভিযোগ, ৩ বছরের পুরানো সরকারি প্রকল্পের টিউবওয়েল পাইপের জন্য তৈরি গর্তটি করা হয়েছিল।

বুধবার (২৮ জানুয়ারি) রাত ৮টার দিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত শিশুটিকে উদ্ধারে ঘটনাস্থলে কাজ করছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। এর আগে বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার কদলপুর ইউনিয়ন ৯নম্বর ওয়ার্ডের দক্ষিণ জয়নগর বড়ুয়াপাড়া গুচ্ছ গ্রামে শিশুটি গর্তে পড়ে নিখোঁজ হয়।

গর্তে পড়ে যাওয়া শিশু মেজবাহ একই এলাকার দিনমজুর সাইফুল ইসলামের ছেলে।

শিশুটির মা রাশেদা বেগম বলেন, ঘরের পাশে ঢালুস্থানে সরকারি প্রকল্পের টিউবওয়েলের জন্য তিন বছর পূর্বে গর্তটি তৈরি করা হয়েছিল। সেখানে আমরা খড়কুটো ফেলে ভরাট করার চেষ্টা করেছি। আজ বিকালে আমি ঘরে ছিলাম। ছেলেটি পাশে খেলছিল। কখন পড়ে গেছে জানি না। পরে কান্না শুনে গিয়ে দেখি আমার ছেলেটি গর্তের ভিতরে। আম্মু, আম্মু বলে চিৎকার করছিল। অনেক চেষ্টা করেছি। এখন উদ্ধার কাজ চলছে। কিন্তু কোনো সাড়া নেই। আমার ছেলে হয়তো বেঁচে নেই।

ছেলেটির বাবা মো. সাইফুল ইসলাম বলেন, আমি কাজে ছিলাম। খবর পেয়ে এসে দেখি আমার ছেলের গর্তের মধ্যে। কোনো সাড়া পাচ্ছি না। আমার ছেলের কিছু হলে দায় কে নিবে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, গর্তটি ৩-৪ বছর আগে সরকারি টিউবওয়েল স্থাপনের জন্য গর্ত তৈরি করা হলেও তা ভরাট করা হয় নি। পরে বুধবার বিকেলে শিশুটি গর্তে পড়ে যায়। প্রথমে স্থানীয়রা উদ্ধারের চেষ্টা চালিয়ে গেলেও ৫টার দিকে রাউজান ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজে অংশ নেন। 

রাউজান থানার ওসি সাজেদুল ইসলাম পলাশ বলেন, সাড়ে ৪টার দিকে ৯৯৯-এ খবর পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দিয়েছি। একটি সরকারি প্রকল্পে গর্তটি করা হয়েছিল বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। শিশুটিকে উদ্ধারে বর্তমানে কাজ চলমান রয়েছে।