বাংলার ঐতিহ্যবাহী পিঠা সংস্কৃতি ও নারীদের সৃজনশীল হস্তশিল্পকে তুলে ধরতে ন্যাশনাল কলেজ অব হোম ইকনমিক্স-এর উদ্যোগে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘পিঠা উৎসব ও হস্তশিল্প মেলা–২০২৬’।
‘জমবে আসর পিঠার ঘ্রাণে, শৈলী মেলার প্রাণের টানে’—এই প্রতিপাদ্যে আয়োজিত মেলাটি অনুষ্ঠিত হচ্ছে ২৮ ও ২৯ জানুয়ারি ২০২৬ (বুধবার ও বৃহস্পতিবার), ঢাকার লালমাটিয়ায় অবস্থিত ন্যাশনাল কলেজ অব হোম ইকনমিক্স-এর কলেজ ভবনে।
মেলায় দেশীয় ঐতিহ্যবাহী নানা রকম পিঠার সমাহার থাকছে, যার মধ্যে রয়েছে—রস মিঠাই, চিতই, লক্ষ্মাসাদ, পায়েস, নারকেল, স্বাদবাহার, রসমালাইসহ নানান অঞ্চলের জনপ্রিয় পিঠা। পাশাপাশি হস্তশিল্প স্টলে প্রদর্শিত হচ্ছে কাঁথা, পিনন, শৈলী, বুনন, ঢাকাই তাঁতপণ্য, চরকা, নকশী ও রঙিন হস্তশিল্প সামগ্রী।
এই আয়োজনের মাধ্যমে কলেজের ছাত্রীদের নিজস্ব সৃজনশীলতা, দক্ষতা ও উদ্যোক্তা মানসিকতা প্রকাশের একটি উন্মুক্ত মঞ্চ তৈরি করা হয়েছে। উল্লেখ্য, মেলায় অংশগ্রহণ শুধুমাত্র নারী ও কলেজ ছাত্রীদের জন্য উন্মুক্ত।
আয়োজকরা আশা প্রকাশ করেন, এই উৎসব নারীদের সৃজনশীল উদ্যোগকে উৎসাহিত করার পাশাপাশি আমাদের লোকজ সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।