বই পাঠ প্রতিযোগিতার আয়োজন করেছে মহামায়া গণ পাঠাগার

মানুষের আলোকিত জীবনের উপকরণ হচ্ছে বই। সামাজিক যোগাযোগ মাধ্যম বুঁদ হওয়াসহ বিভিন্ন কারণে বই থেকে দূরে সরে যাচ্ছে নতুন প্রজন্ম। তাই শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরে বিকশিত করাতে ‘মহামায়া গণ পাঠাগার’ বেশ কয়েকটি স্কুল-কলেজে আয়োজন করেছে বই পাঠ প্রতিযোগিতা।

ফেনীর ছাগলনাইয়ার মহামায়া ইউনিয়নের স্কুল ও কলেজগুলোতে প্রতিযোগিতার আয়োজন করা হয়। শনিবার দুপুর ২টায় চাঁদগাজী হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠান শেষে কার্যক্রমে অংশগ্রহণকারী ৫০ জন ছাত্র-ছাত্রীকে বই প্রদান করা হয়।

মহামায়া ইউনিয়ন ভিত্তিক স্কুল-কলেজ পর্যায়ের এই কার্যক্রমের উদ্বোধন করেন চাঁদগাজী হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ তাহেরা বেগম। অনুষ্ঠানে তিনি বলেন, এটা প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরে নিজেকে বিকশিত করার এক মহা সুযোগ। নিজেকে উন্নত করার জন্য আমাদের অবশ্যই পাঠ্যবইয়ের বাইরে প্রচুর বই পড়তে হবে। বই যত বেশি পড়বে তত বেশি জানবে।


ছবি: সংগৃহীত

মহামায়া গণ পাঠাগারের পাঠাগারের সভাপতি মো. ইউনুছ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- কলেজের প্রভাষক জনাব মো. ইউনুছ, প্রভাষক কালিমউদ্দিন, প্রভাষক এনামুল হক, প্রভাষক টিটল সাহা, পাঠাগারের সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ উল্লাহ, সহ সাধারণ সম্পাদক মোরশেদ আলমসহ অনেকেই। অনুষ্ঠানের সঞ্চালনা করেন কলেজের বাংলা বিভাগের প্রভাষক লায়ন মোরশেদ হোসেন।

মহামায়া গণ পাঠাগারের সভাপতি মো. ইউনুছ খান বলেন, ‘এই কার্যক্রমের আওতায় তিনশ’ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। সেরা পড়ুয়াকে আমরা পুরস্কৃত করবো।

ইত্তেফাক/জেডএইচ