ভারত–বাংলাদেশ সম্পর্ক নিয়ে তাৎপর্যপূর্ণ এক সংক্ষিপ্ত বার্তা দিয়েছেন মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে মেক্সিকোতে ভারতীয় দূতাবাস আয়োজিত এক অনুষ্ঠানে অংশগ্রহণের পর ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি শেয়ার করে তিন শব্দের ওই বার্তাটি দেন তিনি।
রাষ্ট্রদূতের ওই বার্তায় ভারত–বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে সমতা, পারস্পরিক আস্থা ও গণআকাঙ্ক্ষার প্রতি সম্মান—এই তিনটি বিষয়ের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। কূটনৈতিক মহলে বার্তাটিকে সময়োপযোগী ও তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
রাষ্ট্রদূতের স্ট্যাটাসে লাইক দিয়ে সহমত প্রকাশ করেছেন ভারতীয় আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অধ্যাপক শ্রীরাধা দত্ত। তাঁর এই প্রতিক্রিয়াকে ভারত ও বাংলাদেশের কূটনৈতিক ও একাডেমিক মহলে ইতিবাচক ইঙ্গিত হিসেবে বিবেচনা করা হচ্ছে।
সোমবার আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী উপস্থিত হলে তাঁকে আন্তরিক অভ্যর্থনা জানান মেক্সিকোতে নিযুক্ত ভারতের চার্জ দ্য অ্যাফেয়ার্স দিপ্তী গানজি।
রাষ্ট্রদূত তাঁর স্ট্যাটাসে লেখেন, “সমতা, পারস্পরিক আস্থা ও গণআকাঙ্ক্ষার প্রতি সম্মান রেখে বাংলাদেশের বন্ধুত্ব হবে বিস্তৃত।”
এ ছাড়া তিনি ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দূতাবাসের আমন্ত্রণে অনুষ্ঠানে অংশগ্রহণের বিষয়টিও উল্লেখ করেন।
কূটনৈতিক বিশ্লেষকদের মতে, এই সংক্ষিপ্ত বার্তা দুই দেশের ভবিষ্যৎ সম্পর্কের ক্ষেত্রে ভারসাম্যপূর্ণ ও জনগণের প্রত্যাশানির্ভর দৃষ্টিভঙ্গির প্রতিফলন।