জামালপুরের মেলান্দহে টাকা নিয়ে মনমালিন্যের জেরে পরিকল্পনা করে বন্ধুকে হত্যার চেষ্টায় তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার বাঘাডোবা গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ১০ হাজার টাকা লেনদেনের জেরে বাঘাডোবা গ্রামের সোনা মণ্ডলের ছেলে রাজুর (২৬) সঙ্গে মকবুল হোসেনের ছেলে কবির হোসেন (২৩), আক্কাছ আলীর ছেলে কামরুল হাসান (১৮), গাংপাড়ার শাহজামাল ওরফে শাবুর ছেলে স্বপন (২০) এবং মালঞ্চ গ্রামের আরিফ হোসেনের (২২) মনোমালিন্য চলছিল। ঘটনার রাতে চারবন্ধুসহ আরও কয়েকজনে মিলে রাজুকে হত্যার পরিকল্পনা করে।
পরিকল্পনা অনুযায়ী রাজুকে বাড়ি থেকে ডেকে বাঘাডোবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে নির্জন স্থানে নিয়ে গলা কেটে হত্যার চেষ্টা করা হয়। এ সময় রাজুর সঙ্গে হত্যাকারীদের ধস্তাধস্তির এক পর্যায়ে রক্তাক্ত অবস্থায় সে দৌড়ে মালঞ্চ-মেলান্দহ সদর রাস্তায় ওঠে।
আরও পড়ুন: প্রেমের জন্য ধর্মত্যাগ, অতঃপর খুনোখুনি
এ সময় পথচারীদের চিৎকারে মুহূর্তেই লোকজন জমায়েত হয়। খবর পেয়ে মেলান্দহ থানা পুলিশ ঘটনাস্থল থেকে আহত রাজুকে প্রথমে জামালপুর পরে ময়মনসিংহ হাসপাতালে ভর্তি করে।
মেলান্দহ থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম জানান, ঘটনায় রাতেই অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে মেলান্দহ থানায় মামলা দায়ের হয়েছে। বাকি আসামিদের ধরতে অভিযান চলছে।
ইত্তেফাক/অনি