নির্বাচনি মাঠে যখন উন্নয়ন, সংস্কার আর বড় বড় রাজনৈতিক প্রতিশ্রুতির ছড়াছড়ি, তখন একেবারেই ভিন্ন সুরে ভোট চাইছেন ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ ও রাণীশংকৈল) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী আশা মণি। উন্নয়ন প্রকল্প নয়, বরং ভোটারদের জন্য ‘বিয়ে সহজ করে দেওয়ার’ ঘোষণা দিয়ে ইতোমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন তিনি।
বুধবার (২৮ জানুয়ারি) রাণীশংকৈল উপজেলার নেকমরদ এলাকায় গণসংযোগকালে দেওয়া এক সাক্ষাৎকারে আশা মণি বলেন, তরুণ ভোটারদের কাছ থেকে তিনি পাচ্ছেন একেবারেই ভিন্ন ধরনের অনুরোধ।
তিনি বলেন, ‘অনেক তরুণ ভাই আমাকে বলছেন—আপা, আমাদের বিয়ের ব্যবস্থা করে দেন। তাদের উদ্দেশ্যে আমার কথা—আমাকে একটা করে ভোট দিন। আমি বিজয়ী হলে আপনাদের বিয়ের ব্যবস্থা সহজ করে দেবো।’
শুধু তরুণ ভোটারদের মধ্যেই নয়, গণসংযোগের সময় দাদা-দাদি, নানা-নানি থেকে শুরু করে চাচা-চাচিদের কাছেও মজার ছলে ‘বিয়ের উপহার’ হিসেবে একটি করে ভোট চেয়েছেন বলে জানান এই স্বতন্ত্র প্রার্থী।
আশা মণির এই ব্যতিক্রমী বক্তব্য মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। নেটিজেনদের মন্তব্যে তৈরি হয় হাস্যরসের জোয়ার।
ফেসবুক ব্যবহারকারী জয়দেব দেবনাথ লিখেছেন, ‘কেউ দিতে চাচ্ছে বেহেশত, কেউ ফ্যামিলি কার্ড—আর আশা মণি আপা দিতে চাচ্ছেন বউ অথবা স্বামী!’
ভিন্নধর্মী এই নির্বাচনি প্রতিশ্রুতি ইতোমধ্যেই সাধারণ ভোটার ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি করেছে।