বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী বলেছেন, সংস্কৃতি সভ্যতার ভিত্তি, আর অপসংস্কৃতি বিবেকের দরজায় তালা লাগায়। বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত “দেশীয় সংস্কৃতির বিকাশে আমাদের করণীয়” শীর্ষক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।
সামাজিক সাংস্কৃতিক ফাউন্ডেশনের সভাপতি লায়ন আনোয়ারা বেগম নিপার সভাপতিত্বে এবং মঞ্জুর হোসেন ইসারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন রেজাবুদ্দৌলা চৌধুরী, তাশিক আহমেদ, কামরুল হাসান দর্পণ, এম এ সায়েম মাসুম, সিদ্দিক আল মামুন, কাদের মনসুর, আকতার হোসেন ও মোল্লা নাসির হোসেন।
কাদের গনি চৌধুরী বলেন, “সংস্কৃতি সুন্দরের সাধনা, সভ্যতার ভিত্তি। অপসংস্কৃতি মানুষকে অসুন্দর পথে ঠেলে দেয় এবং জাতীয় মূল্যবোধকে ক্ষতিগ্রস্ত করে। তরুণ সমাজকে অপসংস্কৃতির মোহ ও উত্তেজনা আকৃষ্ট করছে, যা দেশের ভবিষ্যতের জন্য বিপজ্জনক।”
তিনি আরও বলেন, পশ্চিমা চটকদার সংস্কৃতি আমাদের হাজার বছরের সাংস্কৃতিক ঐতিহ্যের মূলে আঘাত করেছে। তাই গ্রামের ঐতিহ্য, লোকনৃত্য, যাত্রাপালা, ভাটিয়ালি ও লালনগীতি সংরক্ষণ করা জরুরি। তরুণদের মন প্রযুক্তি ও বিদেশি কনটেন্টের চাপে পড়া থেকে ফিরিয়ে আনতে হবে।
কাদের গনি চৌধুরী শিক্ষা ও সংস্কৃতির সম্পর্কের ওপর গুরুত্বারোপ করে বলেন, “শিক্ষা ও সংস্কৃতি একে অপরের পরিপূরক। সুস্থ সংস্কৃতিচর্চার মাধ্যমেই আলোকিত মানুষ গড়ে ওঠে এবং অপশক্তি প্রতিহত করা যায়।” তিনি দেশীয় সংস্কৃতি, ভাষা ও বাঙালি ঐতিহ্যকে বাঁচাতে মিডিয়া ও করপোরেট স্বার্থের প্রভাব নিয়ন্ত্রণের আহ্বান জানান।
সভায় উপস্থিতরা কাদের গনি চৌধুরীর বক্তৃতা গুরুত্বসহকারে শুনেন এবং দেশের সংস্কৃতির সংরক্ষণ ও বিকাশে সক্রিয় ভূমিকা রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।