সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) গুলশানের ইএমকে সেন্টারে।
প্রতিযোগিতায় প্রাইমসিংক সল্যুশন্সকে বিজয়ী হিসেবে নির্বাচিত করা হয়েছে। প্রায় ৩৫০ জন আবেদনকারীর মধ্য থেকে এই প্রতিষ্ঠানটি সেরা হিসেবে বাছাই হয়েছে। বিজয়ী হিসেবে নির্বাচিত হওয়ার ফলে প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রে আগামী ৩ থেকে ৬ মে ২০২৬ অনুষ্ঠিতব্য সিলেক্টইউএসএ ইনভেস্টমেন্ট সামিটে বিনামূল্যে নিবন্ধনের সুযোগ পাবে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উদ্ভাবনকে উৎসাহিত করা এবং বিশ্বের বিভিন্ন দেশের সম্ভাবনাময় কোম্পানিকে যুক্তরাষ্ট্রে বিনিয়োগে আকৃষ্ট করার লক্ষ্যে যুক্তরাষ্ট্র সরকার সিলেক্টইউএসএ উদ্যোগটি পরিচালনা করছে। এই উদ্যোগ বিনিয়োগকারী, কোম্পানি ও অর্থনৈতিক উন্নয়ন সংস্থাগুলোর মধ্যে সংযোগ স্থাপনের মাধ্যমে বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিলেক্টইউএসএ সম্পর্কে আরও তথ্যে জানতে www.selectusa.gov এবং সিলেক্টইউএসএ ইনভেস্টমেন্ট সামিট সম্পর্কে তথ্য ও নিবন্ধনের জন্য www.selectusasummit.us ভিজিট করতে বলা হয়েছে।
সিলেক্টইউএসএ টেক পিচ প্রতিযোগিতার মাধ্যমে আমেরিকান উদ্ভাবন ও প্রযুক্তিগত উৎকর্ষ উদযাপন করা হয়। প্রতিযোগিতার আগে যুক্তরাষ্ট্রের বিভিন্ন কর্মসূচির বাংলাদেশি প্রাক্তন অংশগ্রহণকারীরা প্রতিযোগীদের ব্যবসায়িক পরিকল্পনা ও পিচ উন্নয়নে পরামর্শ দেন। অনুষ্ঠানে রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন সব অংশগ্রহণকারীকে তাদের উদ্ভাবনী ধারণা আরও এগিয়ে নেওয়ার আহ্বান জানান।