ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি–র ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হঠাৎ ডিঅ্যাক্টিভেট হয়ে যাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। শুক্রবার ভোরে বিষয়টি প্রথম নজরে আসে ভক্তদের।
কোহলির ২৭৪ মিলিয়নের বেশি অনুসারী থাকা ইনস্টাগ্রাম প্রোফাইলে প্রবেশ করতে গেলে ‘This page isn’t available’ কিংবা ‘The link may be broken’—এ ধরনের বার্তা দেখা যাচ্ছে। ফলে কী কারণে অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভেট হলো, তা নিয়ে নানা জল্পনা তৈরি হয়েছে। এ বিষয়ে এনডিটিভি খবর প্রকাশ করেছে।
ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অচল থাকলেও কোহলির এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট এখনো সক্রিয় রয়েছে। তবে সেখানে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।
কোহলির কাছ থেকে কোনো ব্যাখ্যা না পাওয়ায় অনেক ভক্ত তার স্ত্রী ও বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা–র সাম্প্রতিক পোস্টে প্রশ্ন ছুড়ে দিচ্ছেন। তবে আনুশকাও এখন পর্যন্ত এ নিয়ে কোনো প্রতিক্রিয়া জানাননি।
এদিকে কোহলির ইনস্টাগ্রাম হঠাৎ অদৃশ্য হয়ে যাওয়াকে ঘিরে সামাজিক মাধ্যমে নানা মিম ছড়িয়ে পড়েছে। চলমান ‘Nihilist Penguin’ ট্রেন্ডের সঙ্গে বিষয়টি মিলিয়ে অনেকে রসিকতা করছেন।
এশিয়ার সবচেয়ে বেশি অনুসরণকারী ব্যক্তিদের একজন কোহলির ইনস্টাগ্রাম প্রোফাইল অচল হয়ে পড়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে বড় ধরনের আলোচনা তৈরি হয়েছে। এটি সাময়িক সিদ্ধান্ত নাকি দীর্ঘমেয়াদি কোনো বিরতি—সে বিষয়ে আনুষ্ঠানিক ব্যাখ্যার অপেক্ষায় রয়েছেন ভক্তরা।