চট্টগ্রামে বাসের ধাক্কায় নৌবাহিনীর সদস্য নিহত

চট্টগ্রামের পটিয়ায় বেপরোয়া গতির বাসের ধাক্কায় নাজমুস শাকিব (৩৮) নামে বাংলাদেশ নৌবাহিনীর এক সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মো. ইকরাম নামে নৌবাহিনীর আরও এক সদস্য।

শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে পটিয়া বাইপাস সড়কের গাজী বাড়ি গেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত নাজমুস সাকিব ও আহত ইকরাম চট্টগ্রামের পতেঙ্গা নৌঘাঁটিতে কর্মরত ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

ভেল্লাপাড়া হাইওয়ে পুলিশের জানায়, শুক্রবার ছুটির দিনে মোটরসাইকেলে পতেঙ্গা থেকে কক্সবাজারের দিকে যাচ্ছিলেন নাজমুস সাকিব ও মো. ইকরাম। সকালের দিকে তারা পটিয়া বাইপাস সড়কের গাজী বাড়ি এলাকায় পৌঁছালে চট্টগ্রামমুখী  একটি বেপরোয়া গতির বাস তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নাজমুস সাকিবের মৃত্যু হয়।

গুরুতর আহত অবস্থায় মো. ইকরামকে উদ্ধার করে স্থানীয়রা দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান।

পটিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি হারুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘তারা দুজনই চট্টগ্রামের পতেঙ্গা নৌঘাঁটিতে কর্মরত ছিলেন। তারা মোটরসাইকেলে করে কক্সবাজার বেড়াতে যাচ্ছিলেন। পটিয়া বাইপাসে পৌঁছালে অজ্ঞাত একটি বাসের ধাক্কায় ঘটনাস্থলেই নাজমুস সাকিবের মৃত্যু হয়। আহত ইকরামকে আশঙ্কাজনক অবস্থায় চমেকে পাঠানো হয়েছে।’

ওসি আরও জানান, দুর্ঘটনার পরপরই ঘাতক বাসটি নিয়ে চালক পালিয়ে গেছে। বাসটি শনাক্তের চেষ্টা চলছে। তবে সিসিটিভি ফুটেজ এবং বিভিন্ন সোর্স থেকে নিশ্চিত হওয়া গেছে এটি হানিফ পরিবহনের।