মানবিক ও সেবামূলক কার্যক্রমে দেশজুড়ে সমাদৃত ‘মাস্তুল ফাউন্ডেশন’ এখন থেকে সরকারিভাবে বেওয়ারিশ মরদেহ দাফন ও সৎকারের অনুমতি পেয়েছে। সম্প্রতি বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিশেষ আদেশের মাধ্যমে এই অনুমোদন প্রদান করা হয়। এর ফলে পরিচয়হীন বা অভিভাবকহীন মরদেহের শেষ বিদায় সসম্মানে সম্পন্ন করার আইনি ও প্রশাসনিক স্বীকৃতি পেল প্রতিষ্ঠানটি।
মাস্তুল ফাউন্ডেশনের এই পথচলা অবশ্য নতুন নয়। বিশ্বব্যাপী করোনা মহামারির ভয়াবহ সময়ে যখন স্বজনরা মৃতদেহ ছেড়ে যাচ্ছিলেন, তখন মাস্তুল ফাউন্ডেশনের একঝাঁক সাহসী স্বেচ্ছাসেবী জীবনের ঝুঁকি নিয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্তে ৩০০০-এর অধিক মরদেহ দাফন ও সৎকার সম্পন্ন করেছে। মহামারির সেই কঠিন দিনগুলোতে তাদের এই ত্যাগ সর্বমহলে প্রশংসিত হয়েছিল।
সরকারের এই নতুন আদেশের ফলে এখন থেকে নিয়মিতভাবে বেওয়ারিশ লাশের গোসল, কাফন ও দাফনের যাবতীয় কার্যক্রম পরিচালনা করতে পারবে মাস্তুল ফাউন্ডেশন।
এই বড় অর্জন ও দায়িত্ব প্রসঙ্গে মাস্তুল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক কাজী রিয়াজ রহমান বলেন, "স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই অনুমোদন আমাদের কাজের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। আমরা শুরু থেকেই এই কাজটি সম্পূর্ণ আল্লাহর সন্তুষ্টির জন্য এবং মানবিক দায়বদ্ধতা থেকে করে আসছি। একটি মানুষ পরিচয়হীনভাবে মারা গেলেও তার শেষ বিদায় যেন ধর্মীয় মর্যাদা ও সম্মানের সাথে হয়, সেটিই আমাদের একমাত্র লক্ষ্য। ইনশাআল্লাহ, সামনের দিনগুলোতেও আমাদের এই সেবা কার্যক্রম সম্পূর্ণ নিঃস্বার্থভাবে অব্যাহত থাকবে।"
উল্লেখ্য, মাস্তুল ফাউন্ডেশন কেবল দাফন সেবা নয়, বরং এতিমখানা, স্কুল এবং বৃদ্ধাশ্রমসহ নানাবিধ সামাজিক ও ইসলামিক প্রজেক্ট নিয়ে কাজ করে যাচ্ছে। সরকারের এই অনুমোদন তাদের সেবা কার্যক্রমকে আরও গতিশীল করবে।
লাশ দাফনের বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন: 0132114661, আশরাফুল আলম, হেড অফ প্রোগ্রাম, মাস্তুল ফাউন্ডেশন
ওয়েবসাইট: www.mastul.net
ইমেইল: mastulfoundation@gmail.com