উত্তরায় নিরাপত্তা ও পরিবেশবিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত 

রাজধানীর রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রজেক্টের করতোয়া ভবনে শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে ‘কন্ডোমিনিয়াম এলাকার নিরাপত্তা ও পরিবেশ রক্ষায় করণীয়’ শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক ও রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টারের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ এজাজ। 

প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, গেটেড কমিউনিটির উন্নয়নে তার সংস্থা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি উত্তরার পরিবেশ উন্নয়নে ট্রি মিউজিয়াম স্থাপন, মশা নিধন, নিয়মিত বর্জ্য ব্যবস্থাপনা, ওয়াস্ট ও স্টর্ম ওয়াটার ট্রিটমেন্ট, আমব্রেলা প্রজেক্টসহ নানা উন্নয়নমূলক কর্মকাণ্ড ও তার পরিকল্পনার কথা উল্লেখ করেন। 

অ্যাসোসিয়েশনের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো. আজহার আলী মিঞার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও লেখক-সাংবাদিক ফাইজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন—সাবেক অতিরিক্ত সচিব শওকত আকবর, কৃষিবিদ ড. আবুবকর সিদ্দিক, অ্যাসোসিয়েশনের সহসভাপতি কৃষিবিদ আহমেদ আলী চৌধুরী ইকবাল, বন অধিদপ্তরের উপবন সংরক্ষক উম্মে হাবিবা, কাশফুল পরিবার (রুয়াপ)-এর প্রতিষ্ঠাতা সভাপতি ও রাজউকের সাবেক পরিচালক সৈয়দা মনিরা আক্তার খাতুন, যমুনা ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. শহিদুল্লাহ, রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট ব্লক-এ মালিক কল্যাণ সমিতির সিনিয়র সহসভাপতি মো. আশরাফ আলী, সহসভাপতি একেএম জাহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাছুম বিল্লাহ, রুয়াপ কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. আব্দুল মালেক, যোলহাটি জামে মসজিদের ইমাম মাওলানা মো. মোশাররফ হোসেন, লতিফ এহসান, সাইফুর রহমান, রাসেল হোসেন, ওয়ান ব্যাগ ট্র্যাশের প্রতিষ্ঠাতা ও সিইও আবরার হানিফ প্রমুখ।

সভায় পুরো ১৮ নং সেক্টরের ওপর একটি আলোকচিত্র প্রদর্শন করেন রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রজেক্ট অ্যাপার্টমেন্ট ব্লক-এ মালিক কল্যাণ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাহমুদুল হোসেন মাসুম।