মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি ২০২৬) দৈনিক ইত্তেফাকের মুদ্রণ সংস্করণ (ছাপা কাগজ) ও ই-পেপারের প্রথম পৃষ্ঠায় "জিয়া নন, স্বাধীনতার প্রথম ঘোষক ড. অলি আহমদ : চট্টগ্রামে ১১ দলের সমাবেশে ডা. শফিকুর" শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রতিবেদনের শুরুতে বলা হয়েছে, "জিয়াউর রহমান নন, একাত্তরে চট্টগ্রাম থেকে বাংলাদেশের স্বাধীনতার প্রথম ঘোষণা দিয়েছিলেন এলডিপি চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম। এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। গতকাল সোমবার চট্টগ্রাম নগরীর বন্দর কলেজ মাঠে অনুষ্ঠিত ১১ দলীয় জোটের সমাবেশে এ মন্তব্য করেন তিনি।"
দৈনিক ইত্তেফাকের চট্টগ্রাম অফিস থেকে এই প্রতিবেদন পাঠানো হয়েছিল। সেখানে কর্তব্যরত প্রতিবেদক স্বশরীরে সমাবেশস্থলে উপস্থিত থেকে জামায়াত আমিরের ওই সমাবেশ কাভার করেছেন এবং প্রতিবেদনটি পাঠিয়েছেন। প্রতিবেদকের উপলব্ধিগত সীমাবদ্ধতার কারণে জামায়াত আমিরের বক্তব্যটি প্রতিবেদনের শুরুতে বিভ্রান্তিকরভাবে উপস্থাপিত হয়েছে।
প্রকৃতপক্ষে জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, "বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা এখান (চট্টগ্রাম) থেকেই হয়েছিল। আপনাদেরই এক গর্বিত সন্তান সবার আগে চিৎকার দিয়ে বলেছিলেন, 'উই রিভোল্ট।' তিনি হচ্ছেন এলডিপির সম্মানিত সভাপতি ড. কর্নেল অলি আহমদ বীরবিক্রম। জিয়াউর রহমান সাহেবকে হাতে ধরে সামনে এগিয়ে নিয়ে গিয়েছিলেন। চট্টলাবাসী, আপনাদেরকে স্যালুট।"
বিষয়টি ইত্তেফাক কর্তৃপক্ষের নজরে আসার পর সংশ্লিষ্ট প্রতিবেদককে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রতিবেদক তার উপলব্ধিগত সীমাবদ্ধতার কথা স্বীকার করে পুরো ঘটনার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন।
দৈনিক ইত্তেফাকও এজন্য দুঃখ প্রকাশ করছে।