পটুয়াখালীর বাউফল উপজেলা জামায়াতের কার্যালয়ে অস্ত্র মজুদ আছে- এই তথ্যের ভিত্তিতে পটুয়াখালীর বাউফলে অভিযান চালিয়েছে পুলিশ। এই অভিযানকে কেন্দ্র করে সংশ্লিষ্ট থানার ওসির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তুলেছেন জামায়াতের নেতাকর্মীরা।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন ঢাকা মহানগরী জামায়াতের সেক্রেটারি ও জামায়াত মনোনীত পটুয়াখালী-২ (বাউফল) আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী শফিকুল ইসলাম মাসুদ। এর আগে সোমবার মধ্য রাতে পুলিশ অভিযান চালিয়েছে।
সাংবাদ সম্মেলনে শফিকুল বলেন, জামায়াতের আমির মহোদয়ের নির্বাচনী জনসভা বানচালের জন্য বাউফল থানার ওসি ও ছাত্রদলের সভাপতি আবদুল্লাহ আল ফাহাদের নেতৃত্বে মধ্য রাতে একটি দলের প্রধান কার্যালয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে ওই অভিযান চালানো হয়েছে। যদি ৯৯৯ নম্বরের ভিত্তিতে অভিযান চালানো হয়, তাহলে সেই অভিযানে ছাত্রদলের সভাপতি ও ছাত্রদলের নেতাকর্মী কেনো? গত রাতে তারা ভুল তথ্যদাতাকে শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানালেও এই তথ্য প্রযুক্তির যুগে তিনি (ওসি) শনাক্ত করতে পারেননি।
অভিযোগ করে তিনি আরও বলেন, ওসি সরাসরি একটি দলের পক্ষাবলম্বন করছেন। এই ওসির মাধ্যমে এখানে সুষ্ঠু ও সুন্দর নির্বাচন সম্ভব না। বিষয়টি তারা নির্বাচন সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানাবেন। ওসির পক্ষপাতমূলক উদ্দেশ্য প্রণোদিত অভিযানের প্রতিবাদে মঙ্গলবার বিক্ষোভ মিছিল করা হবে। এ সময় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবদুল্লাহ আল ফাহাদসহ ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে ওই অভিযানে কোনো অস্ত্র পাওয়া যায়নি ও নির্বাচনী প্রচারণায় ব্যবহারের জন্য দাঁড়িপাল্লার বিভিন্ন সরঞ্জাম পাওয়া গেছে বলে জানিয়েছেন পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম। আতিকুল ইসলাম বলেন, হটলাইন ৯৯৯ নম্বরের ফোনের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।
বাউফল থানার ওসি মোহাম্মদ ছিদ্দিকুর রহমান বলেন, ‘উদ্দেশ্যপ্রণোদিত কিংবা কারো পক্ষাবলম্বন করে অভিযান চালানো হয়নি। ৯৯৯ নম্বরের ফোনের ভিত্তিতে অভিযান চালানো হয়েছে। ছাত্রদলের সভাপতি কিভাবে উপস্থিত হয়েছেন তা তার জানা নেই। ভুল তথ্যদাতাকে শনাক্ত করার কার্যক্রম চলমান রয়েছে।’
এ বিষয়ে জানতে চেয়ে একাধিকবার কল করা হলেও রিসিভ করেননি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবদুল্লাহ আল ফাহাদ। এতে অভিযোগ প্রসঙ্গে তার বক্তব্য জানা যায়নি।
উল্লেখ্য, বাউফলে বাংলাদেশ জামায়াত ইসলাীর আমির ডা. শফিকুর রহমানের আগামী শুক্রবার সকালে উপজেলা সদরের পাবলিক মাঠে নির্বাচনী জনসভায় বক্তৃতা দেওয়ার কথা রয়েছে। মঙ্গলবার দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগরী জামায়াতের সেক্রেটারি ও জামায়াত মনোনীত পটুয়াখালী-২ (বাউফল) আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী শফিকুল ইসলাম মাসুদ।