গণসংহতি আন্দোলন প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেছেন, ‘ভোট দিয়ে শুধু বাড়ি ফিরে গেলে চলবে না; সারা দিন ভোটকেন্দ্র পাহারা দিতে হবে, যাতে কেউ ভোটকে প্রশ্নবিদ্ধ করতে না পারে।’
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল থেকে কলাকান্দি, উলুকান্দি, হিজুলিয়াকান্দি, ডোমরাকান্দি, জয়কালীপুরসহ পাহাড়িয়াকান্দি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘আমাদের যুবসমাজকে উন্নত প্রযুক্তিগত শিক্ষায় দক্ষ করে তুলতে হবে, যাতে তারা ঘরে বসেই বৈশ্বিক বাজারে কাজ করতে পারে এবং ন্যায্য পারিশ্রমিক অর্জন করতে পারে। সেই আয় দেশে আনার জন্য সবচেয়ে কার্যকর ও নিরাপদ মাধ্যম হলো পেপাল অ্যাকাউন্ট।
অথচ দুঃখজনকভাবে এখনো বাংলাদেশে পেপাল চালু হয়নি। আমরা আশা করি, পরবর্তী সরকারের প্রথম ও প্রধান দায়িত্ব হবে বাংলাদেশে পেপাল চালুর কার্যকর ব্যবস্থা গ্রহণ করা। এতে আমাদের তরুণরা উদ্যোক্তা হয়ে উঠবে এবং বেকারত্ব কমবে।’
তিনি আরো বলেন, ‘কৃষক-শ্রমিক, জেলে-তাঁতি, কামার-কুমার, খেতমজুর ও দিনমজুর—এই খেটে খাওয়া মানুষদের ন্যায্য হিস্যা নিশ্চিত করতে হবে।
তা না হলে দেশে কখনোই প্রকৃত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। এত গভীর বৈষম্য রেখে একটি শান্তিপূর্ণ সমাজ গড়া যায় না।’
জোনায়েদ সাকি বলেন, ‘আমাদের লক্ষ্য একটি উন্নত ও নিরাপদ বাঞ্ছারামপুর গড়া। যেখানে কোনো নারী হয়রানির শিকার হবে না, একটি ঘটনাও যেন ঘটতে না পারে সেই নিশ্চয়তা দিতে হবে।
বাঞ্ছারামপুরে আমরা দীর্ঘদিন ধরে হিন্দু-মুসলিম, বৌদ্ধ-খ্রিস্টানসহ সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষ মিলেমিশে বসবাস করে আসছি। এই সম্প্রীতি যেন কেউ নষ্ট করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।’
তিনি বলেন, ‘বাঞ্ছারামপুরের প্রতিটি মানুষ মর্যাদা ও অধিকার নিয়ে মাথা উঁচু করে বাঁচবে এই পরিবেশ আমাদের তৈরি করতে হবে। তরুণরা যেন মাদক ও সন্ত্রাসের কবলে না পড়ে, সে জন্য সামাজিক ও রাষ্ট্রীয় উদ্যোগ নিতে হবে। রাজনীতি চলবে, কিন্তু রাজনীতি যেন কখনো খুনোখুনিতে রূপ না নেয় সেদিকে নজর রাখতে হবে।’
পথসভায় উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ, সাধারণ সম্পাদক ভিপি এ কে এম মুছা, সাবেক সাধারণ সম্পাদক ম.ম ইলিয়াস, আমিরুল ইসলাম সাজ্জাদ, উপজেলা গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক শামীম শিবলী, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক মর্তুজা বশির আপেল, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক ওমর ফারুকসহ উপজেলা বিএনপি ও কেন্দ্রীয় এবং উপজেলা গণসংহতি আন্দোলন, ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।