মেঘনা নদীতে মিললো নারীর মরদেহ

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার সংলগ্ন মেঘনা নদী থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের ছোট রায়পাড়া গ্রাম সংলগ্ন মেঘনা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে নিহত নারীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। 

নিহতের বয়স আনুমানিক ৩০ বছর। আরও কয়েকদিন আগে তার মৃত্যু হয়েছে বলে ধারণা পুলিশের।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে ছোট রায়পাড়া এলাকার ‘এএম অটো ব্রিকস ইন্ডাস্ট্রি’র পাশের মেঘনা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। পরে তারা বিষয়টি গজারিয়া নৌ-পুলিশ ফাঁড়িকে জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

গজারিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ শরজিৎ কুমার ঘোষ জানান, খবর পেয়ে বিকেলে মরদেহটি উদ্ধার করা হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।