জামায়াত নেতারা মনে করেন জান্নাত তাদের পৈতৃক সম্পত্তি: রাশেদ খান

ঝিনাইদহ-৪ আসনের বিএনপি প্রার্থী ও গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, জামায়াতের রাজনীতির মূল পুঁজি ধর্মের অপব্যবহার। তিনি বলেন, ‘জামায়াত নেতারা মনে করেন জান্নাত তাদের পৈতৃক সম্পত্তি। তারা মনে করেন, চাইলে জান্নাত কাউকে দিয়ে দিতে পারবেন।’

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ঝিনাইদহ সদর উপজেলার পান্নাতলা বাজারে নির্বাচনী গণসংযোগ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রাশেদ খান বলেন, ‘আমরা জামায়াত সম্পর্কে জানি। তাদের একটাই পুঁজি—দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাতে যাবেন। এই ধরনের কথা বলে তারা ধর্মপ্রাণ মানুষকে বিভ্রান্ত করে।’

তিনি জামায়াত নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘আপনারা ভোট চাইবেন, মানুষের কাছে যাবেন—এটা স্বাভাবিক। কিন্তু ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করবেন না। রাজনীতিতে ধর্মের ব্যবহার বন্ধ করুন।’

রাশেদ খান দাবি করেন, ‘ধর্মের অপব্যবহারের কারণেই জনগণ ধীরে ধীরে জামায়াতকে প্রত্যাখ্যান করা শুরু করেছে।’

আসন্ন নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘এই নির্বাচনে আওয়ামী লীগ নেই। কিন্তু আওয়ামী লীগ একটি বড় দল, তাদের অনেক ভোটার রয়েছে। তারা এখন কাকে ভোট দেবে—এই প্রশ্ন সামনে এসেছে।’

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে বিএনপিই একমাত্র নিরাপদ দল। সে কারণেই নির্বাচনে তারা ধানের শীষে ভোট দেবে।’