বাংলাদেশকে একসময় যে ‘তলাবিহীন ঝুড়ি’ বলে তুচ্ছ করা হয়েছিল, সেই অপবাদ ঘুচিয়ে দেশকে স্বনির্ভর রাষ্ট্রে রূপ দেওয়ার কৃতিত্ব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের—এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, বিএনপি জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করেই রাজনীতি করে আসছে। দলটি কখনোই সেই আদর্শের বাইরে যাওয়ার চেষ্টা করেনি।
তিনি বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দায়িত্ব গ্রহণের পর দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছিলেন। দীর্ঘ সময় পর দেশে গণতান্ত্রিক ধারার পুনঃপ্রতিষ্ঠা ঘটে তার হাত ধরেই। একই সঙ্গে মানুষ ফিরে পায় মতপ্রকাশ ও ব্যক্তিস্বাধীনতার অধিকার।
তারেক রহমান আরও বলেন, স্বাধীনতার পর আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশকে যে অবমাননাকর তকমা দেওয়া হয়েছিল জিয়াউর রহমান তা পরিবর্তন করে অর্থনৈতিকভাবে দাঁড়ানোর পথ তৈরি করেন। তার নেতৃত্বেই দেশ ধীরে ধীরে আত্মনির্ভরশীলতার দিকে অগ্রসর হয়।
অনুষ্ঠানে তিনি বলেন, জিয়াউর রহমানের মৃত্যুর পর দেশে আবার স্বৈরাচারী শাসনের উত্থান ঘটে। তবে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ধারাবাহিক আন্দোলনের মাধ্যমে সেই স্বৈরশাসনের অবসান ঘটে। জনগণের ভোটে ক্ষমতায় এসে বেগম খালেদা জিয়া দেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেন এবং সংসদীয় গণতন্ত্র কার্যকর করেন।