কেউ ভোট কাটতে আসলে প্রতিহত করা হবে: রেজাউল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, আমরা অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন চাই। কিন্তু কেউ যদি ভোট কাটতে আসে, কেন্দ্র দখল করতে আসে, ছিনতাই করতে আসে তাহলে আমরা নীরব দর্শক থাকবো না, আমরা প্রতিহত করবো।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১২টার সময় আমতলী উপজেলার পৌরসভা চত্ত্বরে সময় এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর এক শ্রেণির নেমেছিল স্টেশন দখল আর চাঁদাবাজির জন্য। আমরা তখন সংখ্যালঘু সম্প্রদায়ের উপশনালয় রক্ষাসহ সবার জানমাল রক্ষার জন্য পাহারাদার হিসেবে কাজ করেছি। ১২ ফেব্রুয়ারি নির্বাচনেও আমরা আপনাদের ভোটের পাহারাদার হিসেবে কাজ করব।

সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, বরিশাল বিভাগের মধ্যে বরগুনা-১ আসনে আমরা নিশ্চিত বিজয় অর্জন করব ইনশআল্লাহ। কেন্দ্র এবং স্থানীয় সাংবাদিক ও ভোটারদের কাছ থেকে যে আওয়াজ শুনতে পাই; তাতে এই সাগর পাড় থেকেই আমাদের ইসলামী পতাকার  বিজয় শুরু হবে। অনেক দল ক্ষমতায় গেলে সোনার বাংলা গড়বে, ডিজিটাল বাংলা গড়বে এরকম নানা প্রতিশ্রুতি দিয়ে ভোট নিবে। আমরা একটা কথা বলতে চাই আমরা সরকার গঠন করতে পারলে আপনাদের মুখে হাসি ফুটাবো।

বরগুনা-১ আসনের হাতপাখা প্রতীকে প্রার্থী বরগুনা জেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা মো. মাহমুদুল হাসান ওয়ালিউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন  ইসলামী আন্দোলন কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশ্রাব আলী আকন, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, কেন্দ্রীয় সহ-প্রচার ও দাওয়া সম্পাদক কেএম শরিয়তুল্লাহ, বরগুনা-২ আসনের হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি মিজানুর রহমান কাশেমী, বরগুনা জেলা সেক্রেটারি মাওলানা আব্দুস শাকুর, কুয়াকাটা হুজুর মুফতি হাবিবুর রহমান মেজবাহ প্রমুখ।