অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে বিধ্বংসী বৈভব সূর্যবংশী। ব্যাট হাতে ৮০ বলে করেছেন ১৭৫ রান। ১৫ চারের সঙ্গে হাঁকিয়েছেন সমানসংখ্যক ছক্কা। তার এমন অবিশ্বাস্য ইনিংসে হয়েছে একের পর এক রেকর্ড। ভারতও পেয়েছে ৪১১ রানের বিশাল পুঁজি।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) জিম্বাবুয়ের হারারে ক্রিকেট গ্রাউন্ডে ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে আগে ব্যাট করতে নামে ভারত। উদ্বোধনী জুটিতে আসে ২০ রান। দ্বিতীয় উইকেটে নামেন দলনেতা আয়ুস মাত্রে। তাকে নিয়েই চার-ছক্কার ফুলঝুরিতে ইংলিশ বোলারদের তুলোধূনো করতে থাকেন বৈভব।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে দেড়শ রান ছোঁয়ার কীর্তিও গড়েছেন বৈভব। এছাড়া অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ইতিহাসে দ্রুততম শতকের রেকর্ডও এখন তার দখলে। ৫৫ বলে শতকের দেখা পেয়েছেন তিনি। এর আগে ২০২২ সালে উগান্ডার বিপক্ষে ৬৯ বলে শতক করেছিলেন রাজ অঙ্গদ বাওয়া। বৈভবই প্রথম ভারতীয় ব্যাটার, যিনি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ৬০ বলের কমে শতক করলেন।
শুধু তাই নয়, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালেও এটাই সবচেয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। এছাড়া বিশ্বকাপের ফাইনালে সর্বোচ্চ রান ও দ্রুততম দেড়শ রানের রেকর্ডটিও নিজের অধীনে করে নিলেন ১৪ বছরের এই ব্যাটার।
ভারতের হয়ে যুব বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংসটিও বৈভবের দখলে। এর আগে এই রেকর্ডটি ছিল রাজ বাওয়ার। উগান্ডার বিপক্ষে ১৬২ রানের ইনিংসটি খেলেছিলেন তিনি।
পুরো টুর্নামেন্টে বৈভবের ব্যাট ছিল আরও ভয়ংকর। তিনি আসরে মোট ৩০টি ছক্কা হাঁকিয়ে ভেঙেছেন দক্ষিণ আফ্রিকার ডেওয়াল্ড ব্রেভিসের আগের রেকর্ড (১৮ ছক্কা)। এক আসরে সর্বোচ্চ ছক্কার নতুন মানদণ্ড এখন তার নামেই।
সব মিলিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের দ্রুততম শতকের তালিকায় সূর্যবংশী উঠে এসেছেন দ্বিতীয় স্থানে। শীর্ষে আছেন অস্ট্রেলিয়ার উইল মালাইজুক। মাত্র ৫১ বলে শতক করেছিলেন তিনি। সূর্যবংশীর নিচে রয়েছেন পাকিস্তানের কাসিম আকরাম ও ইংল্যান্ডের বেন মায়েস।