শফিকুর রহমানের সঙ্গে বেয়াদবি চলবে না: কর্নেল অলি

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম বলেছেন, বিএনপি ও আওয়ামী লীগকে দেশের জনগণ প্রত্যাখ্যান করেছে। আমি বিএনপির নেতাকর্মীদের বলছি— তোমরা লেখাপড়া কর, আর গুণ্ডামি চলবে না। ডা. শফিকুর রহমানের সঙ্গে বেয়াদবি করা চলবে না। বিএনপিকে ভোট দিলে দেশ ঋণখেলাপি, সন্ত্রাসী-মাস্তানদের হাতে চলে যাবে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মিয়াবাজার উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির ও দলটির প্রার্থী ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের সমর্থনে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নির্বাচনী জোট প্রসঙ্গে অলি আহমেদ বলেন, আমিও জামায়াতে যোগ দেই নাই; জামায়াতও এলডিপিতে যোগ দেয় নাই। আমরা দেশপ্রেমিক ও জাতীয়তাবাদী শক্তি এক হয়ে কতগুলো কর্মসূচি নিয়েছি। ১১ দল ক্ষমতায় আসলে আমরা ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করবো, ঋণখেলাপিদেরকে গ্রেপ্তার করবো। দেশটাকে বাঁচাতে যুবকদের এগিয়ে আসতে হবে। টেন্ডারবাজি বন্ধ করবো, দুর্নীতি বন্ধ করবো। ঋণখেলাপিদের জেলে আবদ্ধ করে ঋণগুলো পরিশোধের ব্যবস্থা করবো।

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন প্রসঙ্গে তিনি বলেন, আমি ডা. শফিকুর রহমানকে অনুরোধ করবো ক্ষমতায় গেলে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বাড়াবেন। শিক্ষিত ও বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করবেন। এখন জাতিকে সিদ্ধান্ত নিতে হবে আপনারা কি দুর্নীতিবাজদের ভোট দিবেন নাকি ন্যায় ইনসাফের পক্ষে ভোট দিবেন।

জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মুক্তিযোদ্ধা মো. আবদুস সাত্তারের সভাপতিত্বে ও জামায়াত নেতা নুরে আলম খন্দকারের পরিচালনায় সমাবেশে প্রধান বক্তা ছিলেন চৌদ্দগ্রাম আসনের প্রার্থী জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

তিনি বলেন, এ নির্বাচন কোনো সাধারণ নির্বাচন নয়। এটি বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের নির্বাচন। বাংলাদেশ টিকবে কি; টিকবে না তা নির্ধারণের নির্বাচন।

এতে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, কুমিল্লা দক্ষিণ জেলা আমির মু. শাহজাহান, কুমিল্লা মহানগরী সেক্রেটারি মাহবুবুর রহমান, চৌদ্দগ্রাম উপজেলার আমির মাহফুজুর রহমান, সেক্রেটারি বেলাল হোসাইন, মুক্তিযোদ্ধা মোস্তফা নুরুজ্জামান খোকন, খেলাফত মজলিসের আমির মাওলানা শাহজালাল, জিএস খলিলুর রহমান, এনসিপির চৌদ্দগ্রাম উপজেলার যুগ্ম সমন্বয়ক মামুন মজুমদার প্রমুখ।