যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ গত দুই মাসে জেফরি এপস্টেইন ঘিরে যৌন পাচার–সংক্রান্ত তদন্তের লাখ লাখ নথি প্রকাশ করেছে। এসব নথিতে বিশ্বের প্রভাবশালী ব্যক্তি ও চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। এনিয়ে প্রতিনিয়ত বিভিন্ন দেশে তোলপাড় চলছে। এপস্টেইন নথির নতুন তথ্যে এবার ভারতে শোরগোল শুরু হয়েছে।
এপস্টেইন ফাইলের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, দিল্লির এক সময়ের শীর্ষ ধনী অনিল আম্বানির সঙ্গে দীর্ঘ কয়েক বছর ধরে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছিলেন কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন।
নথি অনুযায়ী, ২০১৭ থেকে ২০১৯ সালের মাঝামাঝি সময় পর্যন্ত অনিল আম্বানি এবং এপস্টেইনের মধ্যে বার্তা আদান-প্রদান হতো। ২০১৭ সালের ৯ মার্চের একটি চ্যাটিংয়ে এপস্টেইন আম্বানিকে তার নারীদের প্রতি পছন্দের বিষয়ে জিজ্ঞাসা করেন।
এপস্টেইন লিখেছিলেন, ‘কেমন (নারী) তোমার পছন্দ?’ এর জবাবে আম্বানি বলেছিলেন, ‘তোমার প্রস্তাব শুনি।’
এপস্টেইন তখন প্রস্তাব করেন, একজন লম্বা সুইডিশ স্বর্ণকেশী [ব্লন্ড] নারী, যাতে তোমার সফরটা আনন্দদায়ক হয়। এর ২০ সেকেন্ডেরও কম সময়ের ব্যবধানে অনিল আম্বানি উত্তর দেন, ‘এটাই ব্যবস্থা করো।’
এ ছাড়া বার্তায় এপস্টেইন যখন আম্বানির পছন্দের নারীর ধরন সম্পর্কে জানতে চান, তখন এই ভারতীয় ধনকুবের হলিউডের প্রসঙ্গ টানেন।
এপস্টেইন মজা করে লিখেছিলেন, আশা করি তোমার পছন্দ মেরিল স্ট্রিপ নয়, সেক্ষেত্রে আমি কোনো সাহায্য করতে পারব না। এর জবাবে আম্বানি লেখেন, বন্ধু, আমার রুচি তার চেয়ে ভালো। আমাদের পরবর্তী সিনেমাটি স্কারলেট জোহানসনের সঙ্গে।
সে বছরই আম্বানির মালিকানাধীন রিলায়েন্স এন্টারটেইনমেন্টের সহ-প্রযোজনায় ‘ঘোস্ট ইন দ্য শেল’ সিনেমাটি মুক্তি পেয়েছিল।
একসময়ের বিলিয়নিয়ার অনিল আম্বানি বর্তমানে চরম আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছেন। গত বুধবার ভারতের সুপ্রিম কোর্ট দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থাগুলোকে অনিল আম্বানি ও তার কোম্পানিগুলোর বিরুদ্ধে ৪০ হাজার কোটি রুপির ব্যাংক ঋণ জালিয়াতির তদন্ত দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন।