রাশিয়ার বাশকোর্তোস্তান অঞ্চলের একটি মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ছুরি হামলার ঘটনা অন্তত চার ভারতীয় শিক্ষার্থী আহত হয়েছেন। রোববার (৮ ফেব্রুয়ারি) মস্কোতে নিযুক্ত ভারতীয় দূতাবাস ও রুশ তদন্তকারী কর্মকর্তারা ওই তথ্য জানিয়েছেন।
এক বিবৃতিতে ভারতীয় দূতাবাস বলেছে, রাশিয়ার উফা শহরে একটি দুর্ভাগ্যজনক হামলার ঘটনা ঘটেছে। এতে চার ভারতীয় শিক্ষার্থীসহ কয়েকজন আহত হয়েছেন।
১৫ বছর বয়সী এক কিশোর ছুরি নিয়ে ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে বলে নিশ্চিত করেছে রুশ তদন্তকারী কর্মকর্তারা।
তদন্তকারীরা বলেছেন, মস্কো থেকে প্রায় ১ হাজার ১০০ কিলোমিটার পূর্বের উফা শহরের একটি ছাত্রাবাসে ওই হামলার ঘটনা ঘটেছে। এতে কয়েকজন শিক্ষার্থী ও পুলিশ সদস্য আহত হয়েছেন।
দায়িত্বে অবহেলার অভিযোগে কর্মকর্তাদের বিরুদ্ধে একটি ফৌজদারি মামলা দারে করা হয়েছে বলে জানিয়েছে তদন্ত কমিটি।
সংশ্লিষ্ট কর্মকর্তারা শিক্ষার্থীদের একজনের আচরণগত সমস্যার বিষয়ে জানলেও আগাম প্রতিরোধমূলক ব্যবস্থা না নেওয়ায় তাদের বিরুদ্ধে ওই মামলা করেছে পুলিশ।