কানাডায় বাংলাদেশি শিক্ষার্থী সাফওয়ান জাহিদের মৃত্যু

কানাডায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী মোহাম্মদ সাফওয়ান জাহিদ (২৫) মারা গেছেন। গত ২ ফেব্রুয়ারি স্থানীয় সময় তিনি নিজ অ্যাপার্টমেন্টে মৃত্যুবরণ করেন। তার পরিবার বাংলাদেশের বাসিন্দা। পড়াশোনার উদ্দেশ্যে তিনি কানাডায় অবস্থান করছিলেন।

সাফওয়ান জাহিদ মার্কেন্টাইল ব্যাংক পিএলসির ডিএমডি ও সিবিও ডা. জাহিদ হোসেন এবং কানিতা রহমানের একমাত্র পুত্র।

মেধাবী এই শিক্ষার্থী ইউনিভার্সিটি অব টরন্টোতে একসঙ্গে এমবিএ ও এমএ ডিগ্রির শেষ টার্ম সম্পন্ন করছিলেন। অসাধারণ একাডেমিক কৃতিত্বের স্বীকৃতি হিসেবে তিনি ছিলেন ক্রিয়েটিভ ডেস্ট্রাকশন ল্যাবের স্কলার। পাশাপাশি টরন্টোভিত্তিক এআই স্টার্টআপ ‘ম্যাট্রা (MATRA)’-এর প্রতিষ্ঠাতা এবং শোয়ার্টজ রেইসম্যান ইনস্টিটিউটের মাধ্যমে কানাডা সরকারের ‘সেইফ এআই’ নীতিনির্ধারণে একজন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

তার মৃত্যুতে ইউনিভার্সিটি অব টরন্টোর ডিনবৃন্দ তাকে একজন মেধাবী শিক্ষার্থী হিসেবে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার জানাজার আয়োজন করে।

স্থানীয় সময় শুক্রবার দুপুর ১২টা ৩০ মিনিটে জুমার নামাজের পর বায়তুল আমান মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। এতে কমিউনিটির বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। তার অকাল মৃত্যুতে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মধ্যে শোকের ছায়া নেমে আসে।

তার বাবার সাবেক সহকর্মী ব্যাংকার রুনা লায়লা বলেন, ‘সাফওয়ান জাহিদকে আমি ছোটবেলা থেকে বড় হতে দেখেছি। তার অকাল মৃত্যু মেনে নেওয়া সত্যিই কষ্টকর। আমি তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।’

উল্লেখ্য, গত এক দশকে বাংলাদেশ থেকে পড়াশোনার উদ্দেশ্যে কানাডায় যাওয়া অন্তত ২৫ জন আন্তর্জাতিক শিক্ষার্থী অকাল মৃত্যুবরণ করেছেন।