নিখোঁজদের নিয়ে হইচই, কড়া পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিল্লি পুলিশের 

ভারতের পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, হঠাৎ দিল্লিতে নিখোঁজদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যে তোলপাড় শুরু হয়েছে তা পয়সা দিয়ে করানো। এর মাধ্যমে আতঙ্ক তৈরি করে আর্থিক দিক থেকে লাভবান হওয়ার চেষ্টা করা হয়েছে। এই প্রয়াস সহ্য করা হবে না। কড়া ব্যবস্থা নেওয়া হবে। 

দিল্লি পুলিশের পিআরও সঞ্জয় ত্যাগী বলেছেন, দিল্লিতে ইচ্ছাকৃতভাবে গুজব ছড়ানো হচ্ছে। বাচ্চাদের নিয়ে ভয় পাওয়ার বা আতঙ্কিত হওয়ার দরকার নেই। গত বছরের তুলনায় দিল্লিতে নিখোঁজদের সংখ্যা বাড়েনি, কমেছে।  

তিনি জানিয়েছেন, যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। দিল্লিতে অনলাইন এফআইআর করা যায়। বাচ্চারা নিখোঁজ হলে তাকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়। জেলাস্তরে বাহিনী সক্রিয় হয়, তাছাড়া মানব পাচার রোধে যে বাহিনী আছে তারাও সতর্ক থাকে।  

তবে কারা গুজব ছড়াচ্ছে দিল্লি পুলিশ তা বলেনি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে অভিযোগ করেছেন, বলিউডের একটি সিনেমার পেইড প্রমোশন থেকে এটা ছড়িয়েছে। তবে যাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ করা হয়েছে, তারা এটা পুরোপুরি অস্বীকার করেছে।  

এর আগে বার্তাসংস্থা পিটিআই দিল্লি পুলিশের তথ্য বিশ্লেষণ করে জানায়, ১ থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত দিল্লিতে ৮০৭ জন নিখোঁজ হয়েছেন। তার মধ্যে ৫০৯ জন হলেন নারী ও শিশু। ২৯৮ জন পুরুষ। 

দিল্লি পুলিশ পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে বলেছে, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। নিখোঁজদের নিয়ে গুজব ছড়ানো হচ্ছে। গত কয়েক বছরের তুলনায় নিখোঁজদের সংখ্যা বরং কমেছে।