একই স্থানে দুই প্রার্থীর পাল্টাপাল্টি সমাবেশের ডাক, বন্ধ করল প্রশাসন

ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে একই স্থানে নির্বাচনী সমাবেশকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে পৌরসভার ভেতরে সব ধরনের রাজনৈতিক সভা-সমাবেশ বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আফিয়া আমীন এ ঘোষণা দেন।

দুই প্রার্থীর পাল্টাপাল্টি সমাবেশকে কেন্দ্র করে এর আগে রোববার (৮ ফেব্রুয়ারি) রাতে ‘ইউএনও গৌরীপুর’ নামের ফেসবুক আইডি থেকে একটি পোস্ট দেওয়া হয়। এতে বলা হয়, সোমবার উভয় পক্ষের সম্মতিক্রমে পৌরসভার ভেতর সব রাজনৈতিক সভা-সমাবেশ বন্ধ ঘোষণা করা হলো।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার গৌরীপুর পৌর শহরের মধ্যবাজার ধানমহালের বটতলায় ‘ঘোড়া’ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আহাম্মদ তায়েবুর রহমান নির্বাচনী সমাবেশ ডাকেন। একই দিন বিএনপি মনোনীত ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থী এম ইকবাল হোসেইন পৌর শহরের পাটবাজারে অস্থায়ী দলীয় কার্যালয়ের সামনে বেলা আড়াইটার দিকে নির্বাচনী সমাবেশ ডাকেন। একই দিনে একই সময়ে দুই পক্ষের সমাবেশের বিষয়টি উপজেলা প্রশাসনের দৃষ্টিগোচর হলে ইউএনও রাজনৈতিক সভা-সমাবেশ বন্ধ ঘোষণা করে ফেসবুক আইডিতে পোস্ট করেন।

আফিয়া আমীন সোমবার সকালে গণমাধ্যমকে বলেন, ‘ধানের শীষ ও স্বতন্ত্র প্রার্থীর পক্ষ থেকে একই স্থানে সমাবেশ ডাকায় সংঘাতের আশঙ্কা থাকায় দুই পক্ষের সমাবেশ আমরা স্থগিত করে দিয়েছি।’