৬৭ বছরের অবসান ঘটিয়ে রঞ্জি ট্রফিতে জম্মু-কাশ্মিরের ইতিহাস

দীর্ঘ ৬৭ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রথমবারের মতো রঞ্জি ট্রফির সেমিফাইনালে জায়গা করে নিয়েছে জম্মু ও কাশ্মির। ইন্দোরের হোলকার স্টেডিয়ামে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে মধ্যপ্রদেশকে ৫৬ রানে হারিয়েছে তারা। এতেই টুর্নামেন্টে প্রথমবারের মতো শেষ চারে পৌঁছায় জম্মু ও কাশ্মির।

কোয়ার্টার ফাইনালে বল হাতে ত্রাস সৃষ্টি করেছিলেন আকিব নবী। একাই  ১২ উইকেট নিয়ে মধ্যপ্রদেশের ব্যাটিং ধসিয়ে দেন তিনি। প্রথম ইনিংসে ৪০ রানে ৭ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসেও ৭০ রানে ৫ উইকেট শিকার এই পেসার। চলতি রঞ্জি ট্রফিতে এখন পর্যন্ত ৪৬টি উইকেট শিকার করেছেন আকিব। 

২৯১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মধ্যপ্রদেশ চতুর্থ দিনের শুরুতে ৫ উইকেটে ৮৭ রান নিয়ে ব্যাটিং শুরু করে। অলরাউন্ডার সারাংশ জৈন ৬৪ রানের এক লড়াকু ইনিংস খেলে স্বাগতিকদের ম্যাচে টিকিয়ে রাখার চেষ্টা করেছিলেন। 

কিন্তু আকিব নবীর বলে তিনি বোল্ড হতেই মধ্যপ্রদেশের জয়ের আশা শেষ হয়ে যায়। শেষ উইকেটে আরিয়ান পান্ডে এবং কুলদীপ সেন ২৩ রান যোগ করে কিছুটা প্রতিরোধ গড়লেও শেষ রক্ষা হয়নি।