খেলাধুলা শৃঙ্খলা, দেশপ্রেম ও নেতৃত্ব শেখায়: কাদের গনি চৌধুরী

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী বলেছেন, খেলাধুলা মানুষকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখার পাশাপাশি শৃঙ্খলা, আনুগত্য ও দেশপ্রেম শেখায়।

সোমবার (৯ জানুয়ারি) দুপুরে হোটেল ইম্পেরিয়ালে বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সুস্থ দেহে সুস্থ মন। স্বাস্থ্য ভালো থাকলে মনও ভালো থাকে। খেলাধুলার মাধ্যমে একজন মানুষ শারীরিক ও মানসিক সুস্থতা অর্জন করে, পাশাপাশি ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও নেতৃত্বের গুণও বিকাশ পায়।

কাদের গনি চৌধুরী শিশু ও কিশোরদের খেলাধুলার ওপর গুরুত্বারোপ করে বলেন, শিশুর বিকাশের মূলমন্ত্র হলো খেলা। খেলাধুলা শিশুর শারীরিক, মানসিক ও সামাজিক বিকাশে সহায়তা করে এবং সৃজনশীলতা ও কল্পনাশক্তি বাড়ায়। কিন্তু বর্তমান প্রজন্ম পড়াশোনার চাপে খেলার সুযোগ পাচ্ছে না। এর ফলে শিশুরা মোবাইল বা গেমের দিকে ঝুঁকে যাচ্ছে, যা তাদের শারীরিক ও মানসিক বিকাশে বাধা সৃষ্টি করছে।

তিনি আরও বলেন, শহরের স্কুল ও কলেজে খেলার মাঠের অভাব এবং অপরিকল্পিত নগরায়নের কারণে সাধারণ শিশুরা মাঠে খেলার সুযোগ পাচ্ছে না। খেলাধুলার প্রতি আগ্রহ থাকা সত্ত্বেও মাঠের অভাবে তারা সঠিকভাবে খেলা শিখতে পারছে না। এতে তরুণ প্রজন্ম শারীরিকভাবে দুর্বল এবং সামাজিকভাবে আলাদা হয়ে যাচ্ছে।

কাদের গনি চৌধুরী সরকার ও শিক্ষা কর্তৃপক্ষকে আহ্বান জানান, কলেজ পর্যায়ে শারীরিক শিক্ষা চালু করা এবং শিক্ষকদের যথাযথ পদে উন্নীত করা জরুরি। তিনি পরামর্শ দেন, পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানে খেলাধুলাকে বাধ্যবাধকতা না করে আনন্দের মাধ্যমে শেখাতে হবে। প্রতিদিন অন্তত ৩০ মিনিট খেলার জন্য সময় বের করুন এবং পরিবারকে উদ্বুদ্ধ করুন।

অনুষ্ঠানে বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি একেএম মহসিন সভাপতিত্ব করেন। সিনিয়র সাংবাদিক এবিএম রফিকুর রহমান, মশিউর রহমান সুমন, সজল ইসলাম, শাহাদাত হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।