ফরিদপুরের সালথা উপজেলায় বিএনপির নির্বাচনী সভায় অংশ নিতে এসে অসুস্থ হয়ে সিদ্দিক মাতুব্বর (৬৮) নামে এক সাবেক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে সালথা মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সভায় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সিদ্দিক মাতুব্বর সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের সোনাপুর গ্রামের বাসিন্দা। তিনি ২০১৬ সালে সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সহকারী শিক্ষক হিসেবে অবসর গ্রহণ করেন।
স্থানীয় সূত্র জানায়, নগরকান্দা ও সালথা উপজেলা নিয়ে গঠিত ফরিদপুর-২ সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদের শেষ নির্বাচনী সভা ছিল এটি। ওই সভায় যোগ দিতে এসেই তিনি অসুস্থ হয়ে পড়েন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, গতকাল সোমবার নির্বাচনী সভায় যোগ দিতে এসে এক ব্যক্তি অসুস্থ হয়ে মারা গেছেন।