বিকাশ এজেন্টদের টাকা গর্ত থেকে উদ্ধার, গ্রেপ্তার ২

চাঁদপুরে বিকাশ এজেন্টদের কাছে বিতরণের জন্য উত্তোলন করা টাকা আত্মসাতের চেষ্টার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তদের একজনের বাড়ির মাটি খুঁড়ে উদ্ধার করা হয়েছে ৯ লাখ টাকা।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়েজ আহমেদ।

গ্রেপ্তারকৃতরা হলেন— সদরের উত্তর ইচুলী আব্দুর রহমান গাজী বাড়ির মো. দুলাল গাজীর ছেলে বিকাশের এসআর মো. রাব্বি (২২) ও একই এলাকার দেলোয়ার হোসেন গাজী ছেলে এবং রাব্বির সহযোগি ফরহাদ হোসেন (২১)।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মেসার্স দিবা এন্টারপ্রাইজ (বিকাশ লিমিটেডের ডিস্ট্রিবিউটর)-এর ডিএসও মো. রাব্বি গত ৫ ফেব্রুয়ারি সকালে চাঁদপুর পৌরসভার ওয়ান মিনিট এলাকার ঢাকা ব্যাংক চাঁদপুর শাখা থেকে অফিসের সুপারভাইজারের মাধ্যমে ৯ লাখ টাকা উত্তোলন করেন। ওই টাকা সদর উপজেলার বিভিন্ন এলাকায় বিকাশ এজেন্টদের কাছে বিতরণের কথা ছিল।

কিন্তু টাকা নিয়ে বের হওয়ার পর রাব্বি হঠাৎ নিখোঁজ হন। পরে তিনি অফিসে ফোন করে দাবি করেন তাকে অপহরণ করা হয়েছে। বিষয়টি জানাজানি হলে ওই দিনই ডিস্ট্রিবিউটরের ম্যানেজার মনির হোসেন তালুকদার চাঁদপুর সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-২৬৭) করেন।

পুলিশ তদন্তে নেমে রাব্বিকে জিজ্ঞাসাবাদ করলে তিনি অপহরণ ও হামলার ঘটনা সাজানো বলে স্বীকার করেন। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী, পুলিশের একটি দল রাব্বির বসতঘরের মাটি খুঁড়ে প্লাস্টিকের ব্যাগে মোড়ানো অবস্থায় ৯ লাখ টাকা উদ্ধার করে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে সদর থানার এসআই কালাম গাজীর নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে টাকা উদ্ধার করে এবং ঘটনায় জড়িত সহযোগী ফরহাদ হোসেনকে গ্রেপ্তার করে। এর আগে সকালে মো. রাব্বিকে গ্রেপ্তার করা হয়।

চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. ফয়েজ আহমেদ জানান, বিকাশ ডিস্ট্রিবিউটরের অর্থের দায়িত্বে থেকে অভিযুক্তরা বিশ্বাসভঙ্গ ও প্রতারণার মাধ্যমে টাকা আত্মসাতের চেষ্টা করেছিলেন। এ ঘটনায় পরিবেশকের পক্ষ থেকে থানায় মামলা করা হয়েছে। উদ্ধারকৃত টাকা জব্দ করা হয়েছে এবং মামলাটি তদন্তাধীন।