নেত্রকোনা-৩ আসনের (কেন্দুয়া-আটপাড়া) গড়াডোবা ইউনিয়নে ধানের শীষ ও স্বতন্ত্র ঘোড়া প্রতীকের সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত সাতজন আহত হয়েছেন।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে কেন্দুয়া উপজেলার গারাউন্দ গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মেহেদী মাকসুদ।
আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তারা হলেন—গড়াডোবা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল হালিম ও ইউনিয়ন কৃষক দলের সদস্য মোনতাজ মিয়া। উভয়ের বাড়ি একই ইউনিয়নের দেওপাড়া গ্রামে। তারা বিএনপির প্রার্থী রফিকুল ইসলাম হিলালীর সমর্থক বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গারাউন্দ ও দেওপাড়া গ্রাম পাশাপাশি অবস্থিত। নির্বাচনকে কেন্দ্র করে আলোচনার এক পর্যায়ে মঙ্গলবার রাতে যুবদল নেতা আব্দুল হালিম ও ঘোড়া প্রতীকের সমর্থক আলমগীর মিয়ার মধ্যে তর্কাতর্কি শুরু হয়। পরে উভয় পক্ষের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়েন।
সংঘর্ষে অন্তত সাতজন আহত হন। গুরুতর দুজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।
ওসি মেহেদী মাকসুদ জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেনাবাহিনীর সদস্যরাও সেখানে যান। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে এ ঘটনায় এখনো কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দেয়নি।