পিতাকে অপমান করায় কন্যার বিষপানে আত্মহত্যার চেষ্টা!

বাগেরহাটের মোরেলগঞ্জে শনিবার পিতাকে অপমান করায় বিবি আফছার আলী মাধ্যমিক বিদ্যলয়ের ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী বিষপানে আত্মহননের চেষ্টা চালায়। খুশি আক্তার নামে ওই ছাত্রীকে মুমূর্ষু অবস্থায় প্রথমে মোরেলগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে প্রেরণ করা হয়।
 
খুশির পিতা ইলিয়াস খলিফা অভিযোগ করে জানান, তার মেয়ের সঙ্গে নবম শ্রেণির এক ছাত্রের প্রেমঘটিত বিষয় নিয়ে বিদ্যালয় চলাকালীন শালিস বৈঠক বসে। এ সময় তার মেয়ের সামনে ইলিয়াস খলিফাকে শিক্ষকরা মারধর করে স্কুল থেকে বের করে দেয়। খুশি ওই দৃশ্য দেখে অপমান সইতে না পেরে বাড়িতে গিয়ে ঘরে থাকা কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা চালায়। 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম বলেন, খুশির পিতার সঙ্গে কোন শিক্ষক খারাপ ব্যবহার করেনি। আলোচনার এক পর্যায়ে খুশির পিতা উত্তেজিত হলে শিক্ষকরা তাকে বের করে দেয়। 

এ সম্পর্কে বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, খুশির পিতাকে কোন শিক্ষক মারপিট করেনি। খুশির বিষপানের নেপথ্যে অন্য কোন কারণ থাকতে পারে।

ইত্তেফাক/এমআই