মুন্সীগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে টেঁটাবিদ্ধসহ আহত ৫

মুন্সীগঞ্জের সিরাজদিখানে আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে চারজন টেঁটাবিদ্ধসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। 

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার বালুচর ইউনিয়নের পূর্ব চান্দেরচর গ্রামের গাজী মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়েছেন ইমরান হোসেন (২৮), লিটন (৪৮), সোহাগ (৩৫) ও রিয়াজুল (২০)। আহতদের মধ্যে রিয়াজুল ও ইমরানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রথমে তাদের ঢাকার মিডফোর্ড হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পূর্ব চান্দেরচর গ্রামের কালাইচান মাতবর ও জহির উদ্দিন গ্রুপের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বুধবার দুপুরে জহির গ্রুপের সদস্য সোহাগ গাজী মার্কেটে পাইপ ফিল্টারের কাজ করতে গেলে প্রতিপক্ষের লোকজন তার ওপর হামলা চালায় বলে অভিযোগ। খবর পেয়ে জহির উদ্দিনের সমর্থকেরা দেশীয় অস্ত্র নিয়ে ঘটনাস্থলে গেলে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও টেঁটাযুদ্ধ শুরু হয়।

খবর পেয়ে সিরাজদিখান থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

অভিযুক্ত কালাইচান মাতবর ও জহির উদ্দিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষের সূত্রপাত হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি।