ফরিদপুর-১

রাতে ভোটকেন্দ্রে জামায়াতের প্রার্থীর প্রবেশ, উত্তেজনা

ফরিদপুর-১ আসনে জামায়াতের প্রার্থী প্রফেসর ড. মো. ইলিয়াস মোল্লার রাতের বেলায় একটি ভোটকেন্দ্রে প্রবেশকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। পরে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে মধুখালী উপজেলার গাজনা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আশাপুর সিনিয়র মাদরাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির মো. তাইজুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও উপজেলা সহকারী কমিশনার ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন।

মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা রওশনা জাহান বলেন, ‘রাতের আঁধারে এভাবে ভোটকেন্দ্রে প্রবেশের কোনো বিধান নেই।’ বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে জানিয়ে তিনি বলেন, এ ঘটনায় সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা পরিবর্তন করা হবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে ফরিদপুর জেলা জামায়াতের আমির মো. বদরুদ্দীন বলেন, ঘটনাটি তার জানা নেই। তিনি বিষয়টি সম্পর্কে খোঁজ নিচ্ছেন বলে জানান।