রিপাবলিক স্কুল এন্ড কলেজ (আরএসসি) এবং সেন্টার ফর তাজউদ্দীন আহমদ রিসার্চ এন্ড এ্যাকটিভিজম (সিতারা) এর যৌথ উদ্যোগে টঙ্গীতে শুরু হয়েছে কমন সেন্স ক্যাম্পেইন।
সিতারার প্রতিষ্ঠাতা সভাপতি জনাব আফতাবের উপস্থিতিতে কমন সেন্স ক্যাম্পেইন এর বিভিন্ন দিক এবং করণীয় নিয়ে আলোকপাত করেন সিতারার নীতি ও সংস্কৃতি বিভাগের সমন্বয়ক মো. শহীদুল বশর মুরাদ। সিতারার সভাপতি আফতাব বলেন, কমন সেন্স ক্যাম্পেইন মূলত একটি সচেতনতামূলক কর্মসূচি। এর লক্ষ্য হচ্ছে শিশুকিশোরদের মধ্যে সামাজিক ও নাগরিক সচেতনতা এবং মূল্যবোধ সৃষ্টি করা।
তিনি বলেন, সিতারার এই কমন সেন্স ক্যাম্পেইনের আওতায় প্রতি সপ্তাহে একটি করে 'করণীয়' শীর্ষক কমন সেন্স থাকবে যা শিক্ষার্থীরা সপ্তাহব্যপী বিদ্যালয়, পরিবার ও সমাজের বিভিন্ন পরিবেশে বাস্তবিক অনুশীলনের মাধ্যমে আয়ত্ব করবে। এ সপ্তাহের কমন সেন্স বা করণীয় নির্ধারণ করা হয়েছে ‘জীবনকে সুস্থ্য ও সুন্দর রাখার জন্য পরিবেশকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন’। সপ্তাহ শেষে পরিবেশ পরিচ্ছন্ন অভিযানের মধ্যদিয়ে এ সপ্তাহের করণীয় শেষ হবে এবং নতুন আরেকটি করণীয় নির্ধারণ হবে বলে জানান আয়োজক কমিটি।
প্রথম দিনের ক্যাম্পেইনে উল্লেখিত প্রতিপাদ্যের ওপর অংশগ্রহণমূলক আলোকপাত শেষে উম্মুক্ত প্রশ্নোত্তর পর্বের আয়োজন করা হয়। গোটা আয়োজনে ছোট্ট শিশু ও কিশোরদের অংশগ্রহণ ছিল স্বতঃস্ফুর্ত ও প্রাণবন্ত। আয়োজকদের সাথে কথা বলে জানা যায়, সপ্তাহব্যাপী এই প্রতিপাদ্যটির বাস্তবিক অনুশীলন শেষে ক্ষুদে শিক্ষার্থীরা প্রত্যেকেই 'পরিবেশ দূষণের ক্ষতিকর প্রভাব, পরিবেশকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে আমাদের করণীয় এবং এ ব্যাপারে চলতি সপ্তাহে প্রত্যেক শিক্ষার্থীর নিজস্ব উদ্যোগ বা ভূমিকা' সংবলিত একটি করে রচনা লিখে কর্তৃপক্ষের নিকট জমা দিবে। এদের মধ্যে সেরা ৩ রচয়িতাকে দেয়া হবে আনুষ্ঠানিকভাবে আকর্ষণীয় পুরস্কার। সিতারা এবং আরএসসি'র এই উদ্যোগ ইতোমধ্যেই গোটা এলাকায় সারা জাগিয়েছে এবং পার্শ্ববর্তী বেশ কিছু প্রতিষ্ঠানে তা ছড়িয়ে পড়েছে।
উল্লেখ্য, প্রথম দিনের ক্যাম্পেইনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আরএসসি'র পরিচালনা পরিষদের সদস্য ও একাডেমিক ইনচার্জ এবং সিতারার এ্যাকটিভিজম, মিডিয়া ও তথ্য বিভাগের সমন্বয়ক মো. বেলাল হোসাইন।
ইত্তেফাক/এমআই