কেন্দ্রে বহিরাগতদের অনুপ্রবেশের অভিযোগ, ফরিদপুরে ২ প্রিজাইডিং কর্মকর্তা প্রত্যাহার

নির্বাচনী কেন্দ্রে বেআইনিভাবে বহিরাগতদের অনুপ্রবেশের অভিযোগে ফরিদপুরে দুটি সংসদীয় আসনের দুটি কেন্দ্র থেকে দুজন প্রিজাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে ওই দুই কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ উঠলে জেলা রিটার্নিং কর্মকর্তা তাদের প্রত্যাহার করে। নতুন কর্মকর্তা নিয়োগ করেন।

প্রিজাইডিং কর্মকর্তারা হলেন- ফরিদপুর-৩ (সদর) আসনের হিতৈষী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা মো. আল আমিন ও ফরিদপুর-১ (আলফাডাঙ্গা-বোয়ালমারী-মধুখালী) আসনের আশাপুর মাদ্রাসা কেন্দ্রের জাহিদুল ইসলাম।

ফরিদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিন্টু বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ভোট কেন্দ্রে আইন বহির্ভূত বহিরাগত অনুপ্রবেশের সুযোগ দেওয়া ওই দুই কর্মকর্তাকে প্রত্যাহার করে নতুন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। তবে অনাকাঙ্ক্ষিত কোন ঘটনা ঘটেনি।