আজ রবিবার থেকে ১৭ আগস্ট পর্যন্ত সাপ্তাহিক ছুটি, ঈদুল আজহাসহ সরকার ঘোষিত অন্যান্য ছুটি এবং কোর্টে অবকাশের কারণে টানা ১৪ দিন সুপ্রিমকোর্টের হাইকোর্ট ও আপিল বিভাগে নিয়মিত বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে।
আগামী ১৮ আগস্ট থেকে যথারীতি শুরু হবে সর্বোচ্চ আদালতের নিয়মিত বিচারিক কার্যক্রম। এ সময় নিয়মিত বিচারিক কার্যক্রম বন্ধ থাকলেও আপিল ও হাইকোর্ট বিভাগে জরুরি বিষয় নিষ্পত্তির জন্য অবকাশকালীন বেঞ্চ গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি।
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নির্দেশে অবকাশে জরুরি বিষয় নিষ্পত্তির জন্য সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার দিয়ে হাইকোর্ট বিভাগে বেঞ্চ গঠন করা হয়েছে। বাসস
আরও পড়ুন: ডেঙ্গু আক্রান্ত হয়ে অতিরিক্ত আইজিপির স্ত্রীর মৃত্যু
হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার মো. আব্দুছ সালাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, হাইকোর্টের ৫টি দ্বৈত বেঞ্চ এবং তিনটি একক বেঞ্চে অবকাশে জরুরি মামলা সংক্রান্ত কার্যক্রম চলবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অবকাশকালীন সময়ে বিচারপতি এস, এম এমদাদুল হক ও বিচারপতি এস, এম কুদ্দুস জামান সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ এবং বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ ফৌজদারি সংক্রান্ত আবেদনপত্র শুনবেন। বিচারপতি বোরহান উদ্দিন ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খান দেওয়ানী সংক্রান্ত মামলা শুনানি করবেন।
বিচারপতি মো. মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি এস, এম মনিরুজ্জামান এবং বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি মোহাম্মদ আলী সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চে রিট মোশনসহ সকল প্রকার রিট বিষয়াদির শুনানি হবে।
বিচারপতি মো. খসরুজ্জামান একক বেঞ্চে দেওয়ানী সংক্রান্ত, বিচারপতি মো. সেলিমের একক বেঞ্চে ফৌজদারী সংক্রান্ত এবং বিচারপতি মুহাম্মদ খরশীদ আলম সরকার একক বেঞ্চে আদিম অধিক্ষেত্রাধীন বিষয়, সাকসেশন আইন, দেওয়ানী সংক্রান্ত বিভিন্ন বিষয়াদীর ওপর মামলায় শুনানি অনুষ্ঠিত হবে। এ বিষয়ে বিস্তারিত সুপ্রিমকোর্টের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে।
ইত্তেফাক/এমআরএম