ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৬ আসনের ১৩৭টি কেন্দ্রের বেসরকারি ফল ঘোষণা করা হয়েছে। এতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল মো. আব্দুল বাতেন জয়ী হয়েছেন।
ঘোষিত ফল অনুযায়ী, তিনি পেয়েছেন ৮৬ হাজার ৮২৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আমিনুল ইসলাম পেয়েছেন ৮৪ হাজার ২০৭ ভোট। ফলে ২ হাজার ৬১৬ ভোটের ব্যবধানে জয় নিশ্চিত হয়।
বৃহস্পতিবার সকাল ৭টা ৩০ মিনিটে সারা দেশের ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল সাড়ে ৪টায় শেষ হয়। এরপর কেন্দ্রগুলোতে গণনা কার্যক্রম শুরু হয়।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ২০০৮ সালে নিবন্ধন প্রক্রিয়া শুরুর পর এবারই সর্বাধিক রাজনৈতিক দল অংশ নিয়েছে। বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ মোট ৫১টি দল প্রতিদ্বন্দ্বিতা করছে। মোট প্রার্থী ২ হাজার ২৯ জন, এর মধ্যে দলীয় ১ হাজার ৭৫৫ এবং স্বতন্ত্র ২৭৪ জন। নারী প্রার্থী রয়েছেন ৮০ জন। এবারের নির্বাচনে মোট ১১৯টি প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।