ঢাকা-১২ আসনে তিন সাইফুলের লড়াইয়ে জামায়াতের প্রার্থী বিজয়ী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১২ আসনের প্রাথমিক ফলাফলে জামায়াতের প্রার্থী সাইফুল আলম বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তিনি দাঁড়িপাল্লা প্রতীকে ৫৩ হাজার ৭৭৩ ভোট পেয়েছেন। বিএনপি জোট সমর্থিত প্রার্থী সাইফুল হককে বিপুল ভোটের ব্যবধানে হারিয়ে জয় পেয়েছেন তিনি।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর সেগুনবাগিচায় নিজ কার্যালয়ে ঢাকার বিভাগীয় কমিশনার (রিটার্নিং কর্মকর্তা) শরফ উদ্দিন আহমেদ চৌধুরী এ ফল ঘোষণা করেন।

এদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ‘কোদাল’ প্রতীকে পেয়েছেন ৩০ হাজার ৯৬৩ ভোট। অর্থাৎ সাইফুল হক থেকে ২২ হাজার ১৮০ ভোট বেশি পেয়েছেন সাইফুল আলম। একই সময়ে তৃতীয় অবস্থানে থাকা স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব ফুটবল প্রতীকে পেয়েছেন ২৯ হাজার ৮৬৯ ভোট।

উল্লেখ্য, ঢাকা-১২ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩৩ হাজার ৩২০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৪ হাজার ৩৪৯ জন এবং নারী ভোটার ১ লাখ ৫৮ হাজার ৯৬৮ জন।