উত্তেজনা তুঙ্গে, চীনা নৌযান জব্দ করলো জাপান

চীন ও জাপানের মধ্যে উত্তেজনা ক্রমশ বাড়ছে। এমন পরিস্থিতির মধ্যেই চীনের একটি মাছধরা নৌযান জব্দ করেছে জাপানি কর্তৃপক্ষ। অনেকের আশঙ্কা, এতে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়বে।

জাপানের পক্ষ থেকে বলা হয়েছে, পরিদর্শনের লক্ষ্যে তারা চীনের ওই মাছধরা নৌযানটিকে থামতে নির্দেশ দিয়েছিল। কিন্তু নির্দেশ উপেক্ষা করে নৌযানটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এতে জাপানি কর্তৃপক্ষ সেটি জব্দ করে। 

জাপানি মৎস্য বিষয়ক সংস্থার বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, নৌযানটি জাপানের নাগাসাকি প্রশাসনিক অঞ্চলের কাছে ছিল। জাপানি সংস্থা জানিয়েছে, বৃহস্পতিবার তারা নৌযানটির ক্যাপ্টেনকে গ্রেপ্তার করে।  

সংস্থাটির পক্ষ থেকে আরও বলা হয়, মৎস্য বিষয়ক সংস্থার এক পরিদর্শক পরিদর্শনের উদ্দেশ্যে নৌযানটির ক্যাপ্টেনকে থামতে বলেছিল। কিন্তু নৌযানটি নির্দেশ অমান্য করে এবং পালিয়ে যায়।  

চীনের ওই নৌযান জব্দের সময় তাতে ক্যাপ্টেনসহ মোট ১১ জন ছিল। ওই ক্যাপ্টেন ৪৭ বছর এক চীনা নাগরিক।  

চীনের ওই নৌযান জব্দের সময় তাতে ক্যাপ্টেনসহ মোট ১১ জন ছিল

২০২২ সালের পর এবারই প্রথম তারা কোনো চীনা মাছধরা নৌযান জব্দ করল। জাপানের এই বিবৃতির পর চীন এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দেখায়নি।  

এর আগে বেইজিং বলপ্রয়োগ করে তাইওয়ান দখলে নিলে টোকিও সামরিক পদক্ষেপ নেবে বলে গত নভেম্বরে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি ঘোষণা দেন। তার এমন ইঙ্গিত চীনকে ক্ষুব্ধ করে। 

চীন তাইওয়ানকে তার ভূখণ্ডের অংশ বলে আসছে। চীন জানিয়েছে, প্রয়োজনে বল প্রয়োগ করে তারা তাইওয়ান দখল করবে। অন্যদিকে জাপানও ১৯৪৫ সাল পর্যন্ত কয়েক দশক দ্বীপটি দখলে রেখেছিল।