সরকারি ও বেসরকারি হিসেবে মেহেরপুর জেলায় রবিবার দুপুর পর্যন্ত ২২ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। আক্রান্তদের অনেকেই ঢাকা থেকে আক্রান্ত হয়ে এসেছে। স্থানীয়ভাবেও চারজন ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার তথ্য পাওয়া গেছে।
মেহেরপুর জেনারেল হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডেই আইসোলেশন বিভাগের দুটি কক্ষ ডেঙ্গু রোগীদের জন্য নির্ধারণ করে সেখানে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ওই ওয়ার্ডের সিনিয়র নার্স মালতি দাস জানান, গত ৩১ জুলাই থেকে ৪ আগস্ট দুপুর ১টা পর্যন্ত ১০ জন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। এদের মধ্যে তিনজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। একজনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে অন্যত্র রেফার্ড করেছেন চিকিৎসক। বর্তমানের ছয়জন চিকিৎসাধীন।
এদিকে মেহেরপুর সনো ল্যাবের সত্ত্বাধিকারী ডা. জে. পি আগরওয়ালা জানান, ৩১ জুলাই থেকে ৪ আগস্ট দুপুর পর্যন্ত আটজনকে ডেঙ্গু পজিটিভ হিসেবে শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে ছয়জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বাকি দুইজনও হাসপাতালে ভর্তি হবেন।
এদিকে গাংনী হাসপাতালের মেডিক্যাল অফিসার সজিব উদ্দিন স্বাধীন জানান, গাংনীতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এ পর্যন্ত আটজন ভর্তি হয়েছেন। একজনকে রেফার্ড করা হয়েছে। তিনজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। চারজন চিকিৎসাধীন।
আরও পড়ুন: ফুলবাড়ী সীমান্তে জমে উঠেছে দেশি গরুর হাট
মেহেরপুর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা (আরএমও), এস এম এহসানুল কবীর আল আজিজ জানান, মেহেরপুরে আক্রান্তদের মধ্যে এখনও কাউকে ডেঙ্গু শকড সিনড্রোমে যেতে দেখা যায় নি। তারপরও আমরা প্রত্যেক রোগীকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছি।
ইত্তেফাক/অনি