টেকনাফ

গহীন পাহাড় থেকে নিখোঁজ কৃষকের মাটিচাপা দেওয়া মরদেহ উদ্ধার

কক্সবাজারের টেকনাফের গহীন পাহাড়ের গুহার ভেতর থেকে মাটিচাপা অবস্থায় মো. হোসেন নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বেলা ২টার দিকে হ্নীলা উলুচামারি গহীন পাহাড়ে গুহা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহত মো. হোসেন টেকনাফের হ্নীলা উলুচামারি মো. আব্দুল গফুরের ছেলে।

স্থানীয় বাসিন্দা ছৈয়দ আলম জানান, তিন দিন আগে হ্নীলা উলুচামারির বাসিন্দা কৃষক মো. হোসেন বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। সর্বশেষ শুক্রবার উলুচামারির গহীন পাহাড়ের একটি গুহায় মাটিচাপা দেওয়া অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

টেকনাফ থানার ওসি সাইফুল ইসলাম বলেন, উলুচামারির পাহাড়ি এলাকার একটি গুহা থেকে মো. হোসেনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো প্রক্রিয়াধীন। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।