এনসিপির নেতাকর্মী-বাড়িঘরে হামলা করেছে বিএনপি, অভিযোগ সারজিসের

পঞ্চগড়-১ আসনে ৩০টির বেশি জায়গায় এনসিপির নেতাকর্মী, তাদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ অভিযোগ করেন তিনি।

স্ট্যাটাসে সারজিস আলম লিখেছেন, ‌‘এখন পর্যন্ত পঞ্চগড়-১ আসনে প্রায় ৩০+ জায়গায় বিএনপির নেতাকর্মীরা আমাদের নেতাকর্মীদের ওপর, তাদের বাড়িঘরে, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করেছে, হুমকি দিয়েছে। অনেকে পালিয়ে আছে। বিএনপি কি এখনো পুরোনো কায়দায় প্রতিহিংসার রাজনীতি করতে চায় কি না সেটা বিএনপিকে স্পষ্ট করতে হবে।’

তিনি আরও লিখেন, ‘আমরা রাজনীতি করতে এসেছি। পুরোনো নোংরা রাজনৈতিক কালচারগুলোকে পরিবর্তন করে নতুন রাজনীতি করতে এসেছি। ক্ষমতা চিরস্থায়ী কোনো বিষয় নয়। যারা অতি উৎসাহী হয়ে এই কাজগুলো করছেন তাদেরকে সংশোধন হওয়ার আহ্বান করছি। অতীত থেকে শিক্ষা নেন। মনে রাখবেন, এক মাঘে শীত যায় না।’